ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালক পদে যোগ্য প্রার্থী না পাওয়ায় পুনরায় নিয়োগ কার্যক্রম শুরু নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।
মঙ্গলবার (৪ আগস্ট) বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব মো. নাজমুল হামিদ রেজা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি.-এর ব্যবস্থাপনা পরিচালক পদে যোগ্য প্রার্থী পাওয়া যায়নি বিধায় পুনরায় পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ কার্যক্রম শুরু করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এদিকে, অফিস আদেশটি জারির পর বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকেই প্রকৌশলীরা ডিপিডিসির প্রধান কার্যালয়ে ভিড় করেন। তাদের মাঝে ইতিবাচক মনোভাব দেখা গেছে। বেশ কয়েকজন শীর্ষ প্রকৌশলী নাম প্রকাশ না করার শর্তে বলেন, মেধা ও যোগ্যতাসম্পন্ন অনেক প্রকৌশলী রয়েছেন আমাদের সংস্থায়। এমডি নিয়োগের প্রক্রিয়াটি নতুন করে শুরুর সিদ্ধান্ত হওয়ায় মেধাবী প্রকৌশলীরা এখন প্রতিযোগিতায় আসতে পারবেন। তাঁরা আশা করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার মেধাবীদের মূল্যায়ন করবে। যোগ্য ব্যক্তি ডিপিডিসির শীর্ষপদে বসলে বিদ্যুৎ খাতে ইতিবাচক অগ্রগতি পরিলক্ষিত হবে এবং গ্রাহকসেবার মানও অনেক বৃদ্ধি পাবে।