​প্রধানমন্ত্রিত্ব ছাড়তে রাজি নেতানিয়াহু

আপলোড সময় : ২৯-১১-২০২৬ ০৮:০৫:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১১-২০২৬ ০৮:১৬:১০ অপরাহ্ন
ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রস্তাবিত জাতীয় ঐক্য সরকার গঠনে ক্ষমতা ভাগাভাগির চুক্তির আওতায় ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকটকে প্রথমে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ দিতে সম্মত হয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) নেতানিয়াহু এ প্রস্তাব দেন। এর মাধ্যমে তিনি তার লিকুদ পার্টির দীর্ঘদিনের অবস্থান সংসদে বৃহত্তম দলই প্রথম সরকার পরিচালনা করবে এমন ঘোষণা থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন।

এক বিবৃতিতে নেতানিয়াহু জানান, অস্তিত্বের জন্য বড় ধরনের হুমকি এবং সেই হুমকি মোকাবিলায় সক্ষম সরকার গঠন না হওয়ার আশঙ্কা বিবেচনায় বৃহত্তম দলের আগে সরকার পরিচালনার নীতি থেকে সরে আসতে পারেন।

তিনি বলেন, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, গাদি আইজেনকোট প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন, আর মেয়াদের শুরুতে আমি বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে থাকব।

নেতানিয়াহু বলেন, আরব দলগুলো সংসদে নিজেদের প্রভাব কাজে লাগিয়ে এমন পারিবারিক পুনর্মিলন নীতি চালু করতে পারে, যার মাধ্যমে লাখ লাখ ফিলিস্তিনিকে নাগরিকত্ব দেওয়া হবে। পাশাপাশি গ্যালিলি ও নেগেভ অঞ্চলে আরবদের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার উদ্যোগ নিতে পারে।

তিনি আরও দাবি করেন, বামপন্থি নেতৃত্বাধীন সরকার গঠিত হলে জয়েন্ট লিস্টের নেতারা সামরিক সিদ্ধান্ত গ্রহণে বাধা সৃষ্টি করতে পারেন।

ঐক্য সরকার গঠনে অবিলম্বে, আন্তরিক ও জোরালো আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন নেতানিয়াহু। এ ক্ষেত্রে আইজেনকটের পক্ষ থেকেও একই ধরনের সমঝোতার মানসিকতা প্রত্যাশা করেন তিনি। তবে নেতানিয়াহুর প্রস্তাবের বিষয়ে আইজেনকট তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানাননি।

এর আগে শুক্রবার (২৭ নভেম্বর_ এক বিবৃতিতে আইজেনকট বলেন, অনেক ইসরায়েলি এমন একটি ঐক্য সরকার চান, যেখানে শুধু জায়নবাদী দলগুলো থাকবে এবং সবার জন্য বাধ্যতামূলক জাতীয় সেবা আইন পাস করা হবে।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :