সাত দিনের এসএমই মেলায় ১৪ কোটি টাকার পণ্য বিক্রি

আপলোড সময় : ২৯-১১-২০২৬ ০১:৫৭:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১১-২০২৬ ০১:৫৭:১৪ অপরাহ্ন
সাত দিনেই ১৪ কোটি টাকার বেশি পণ্য বিক্রি হয়েছে ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলায়। পাশাপাশি অংশগ্রহণকারী উদ্যোক্তারা পেয়েছেন ২০ কোটি টাকার বেশি ক্রয়াদেশ।

এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সাত দিনব্যাপী ‘১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৬’-এ মোট ১৪ কোটি ১৮ লাখ ৫৪ হাজার ৬৪৪ টাকার পণ্য বিক্রি হয়েছে। এছাড়া উদ্যোক্তারা ২০ কোটি ৪২ লাখ ৭১ হাজার ৭৪৪ টাকার ক্রয়াদেশ পেয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের টেন্ট-জি প্রাঙ্গণে মেলার সমাপনী অনুষ্ঠানে এসব তথ্য জানান শিল্প মন্ত্রণালয়ের সচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আব্দুন নাসের খান।

তিনি বলেন, গতবার ১০ দিনব্যাপী মেলা আয়োজন করা হলেও এবার পর্যাপ্ত জায়গা না পাওয়ায় সাত দিনে মেলা শেষ করতে হয়েছে। তবে সাত দিনের মেলায় এবার যে পরিমাণ পণ্য বিক্রি হয়েছে, তা গতবারের ১০ দিনের বিক্রির প্রায় সমান।

মেলায় উদ্যোক্তাদের অর্থায়ন সুবিধা দিতে ২৭টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অংশ নেয়। এসব প্রতিষ্ঠানের স্টলে প্রায় ছয় হাজার দর্শনার্থী ও উদ্যোক্তা যান। যাচাই-বাছাই শেষে ২০১ জন উদ্যোক্তাকে ঋণের জন্য উপযুক্ত হিসেবে নির্বাচন করা হয়। মেলা চলাকালে ২৫ জন গ্রাহককে ৪ কোটি ৩০ লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে।

এছাড়া মেলা উপলক্ষে আয়োজিত চারটি সেমিনারে ৮০০ জন অংশ নেন। সমাপনী অনুষ্ঠানে ১২টি শ্রেণিতে সেরা স্টলগুলোকে পুরস্কৃত করা হয়।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ফ্যাশন ও তৈরি পোশাক শ্রেণিতে যৌথভাবে এসো এবং নতুনত্ব বুটিকস অ্যান্ড হ্যান্ডিক্রাফটস, হস্ত ও কারুশিল্পে ট্রেন্ডিফার, পাটজাত পণ্যে থ্রি ব্রিজ বিডি এবং পাদুকা ও চামড়াজাত পণ্যে আরমাদিয়া রয়েছে।

এছাড়া গয়নায় খঞ্জন, ভেষজ ও প্রসাধনীতে পেন্টাগন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণে খাস ফুড, হালকা প্রকৌশলে টিম স্টার টেকনোলজি, তথ্যপ্রযুক্তি সেবায় আইটি বিটস এবং বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্যে নাভেদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস পুরস্কার পেয়েছে।

প্লাস্টিক ও রাবারজাত পণ্যে ইন্টারলিংক ইন্টারন্যাশনাল এবং সরকারি প্রতিষ্ঠান শ্রেণিতে পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর সেরা স্টলের পুরস্কার অর্জন করে।

 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :