জার্মান ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ প্রতিমন্ত্রীর

আপলোড সময় : ২৮-১১-২০২৬ ১২:৫৫:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১১-২০২৬ ১২:৫৫:৩৮ অপরাহ্ন
বাংলাদেশে বিনিয়োগের জন্য জার্মান বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি। একই সঙ্গে বাংলাদেশ ও জার্মানির মধ্যে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা আরো জোরদার, বাণিজ্য সম্প্রসারণ এবং নতুন ব্যাবসায়িক সম্ভাবনা কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) জার্মানির বার্লিনে জার্মান ফেডারেল অ্যাসোসিয়েশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড ফরেন ট্রেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মাইকেল শুমানের সঙ্গে বৈঠকে তিনি এ আমন্ত্রণ জানান।

বৈঠকে বাংলাদেশ ও জার্মানির দ্বিপক্ষীয় সম্পর্ক আরো গভীর করার পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ ব্যবসা-টু-ব্যবসা (বিটুবি) যোগাযোগ বৃদ্ধি, রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার অনাবিষ্কৃত সম্ভাবনাগুলো কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জ্বালানি নিরাপত্তা, জনমিতিক সুবিধা (ডেমোগ্রাফিক ডিভিডেন্ড), অভিবাসন ও জনশক্তির চলাচল এবং ভিসা-প্রক্রিয়া সহজীকরণসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা তুলে ধরেন।
 
বৈঠকে প্রতিমন্ত্রী বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও মানবসম্পদ বিকাশে সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে জার্মান প্রতিনিধিকে অবহিত করেন। এ সময় নারীর ক্ষমতায়ন, নারী উদ্যোক্তা সৃষ্টি, মেয়েদের শিক্ষা, জলবায়ু পরিবর্তন, পরিবেশের অবক্ষয়, বর্জ্য ব্যবস্থাপনা এবং সৌরবিদ্যুতের মতো পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের বিষয়েও আলোচনা হয়।

বাংলাদেশের সম্ভাবনাময় রপ্তানি পণ্য হিসেবে পাট ও পাটজাত পণ্য, সিরামিক, ওষুধশিল্প, তথ্য-প্রযুক্তি পণ্য এবং লাইট ইঞ্জিনিয়ারিং পণ্যের কথা তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এসব খাতে জার্মান বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে নিয়মিত প্রতিনিধিদল বিনিময়ের ওপরও গুরুত্বারোপ করে উভয় পক্ষ। পাশাপাশি অভিবাসন ও জনশক্তির চলাচল সহজ করতে সরকার-টু-সরকার (জি-টু-জি) ব্যবস্থার কার্যকারিতা এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে জার্মান পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে তাদের সমর্থন পুনর্ব্যক্ত করে।

এ ছাড়া রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সহায়তা প্রদানে বাংলাদেশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন জার্মান প্রতিনিধি। বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায় নিয়েও আলোচনা হয়।

রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে তাদের নিজ মাতৃভূমিতে ফিরে যাওয়ার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন অব্যাহত রাখার ওপর উভয় পক্ষ গুরুত্বারোপ করে।

 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :