​বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানাবেন প্রধানমন্ত্রী

আপলোড সময় : ২৬-১১-২০২৬ ০২:৫২:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১১-২০২৬ ০২:৫২:৪৯ অপরাহ্ন
আড়াই বছর বন্ধ থাকার পর আবারও মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানো শুরু হচ্ছে। প্রথম ধাপে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বিনা খরচে ১১২ জন কর্মী কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হবেন। বিকেল সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের বিদায় জানাবেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় দেশে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা খরচে ১১২ জন কর্মী মালয়েশিয়া যাচ্ছেন। তাঁরা ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) প্রতিষ্ঠানে মাসিক ১ হাজার ৭০০ রিঙ্গিত মূল বেতনে কাজ করবেন। তাঁদের চাকরির মেয়াদ হবে তিন বছরের নবায়নযোগ্য চুক্তিতে। এ ছাড়া নিয়োগকর্তার পক্ষ থেকে আবাসন ও চিকিৎসাসুবিধা দেওয়া হবে।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক জানান, এই কর্মসূচিতে কর্মীদের কোনো অর্থ ব্যয় করতে হচ্ছে না। তাঁর ভাষায়, শূন্য মানে শূন্য। বোয়েসেল কিংবা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কর্মীদের টাকা দিতে হচ্ছে না। পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা, বিএমইটি নিবন্ধন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ফি, প্রাক-বহির্গমন প্রশিক্ষণ, বিমা, যাতায়াত ও আবাসনসহ বাংলাদেশ অংশের খরচ জনপ্রতি ২৬ হাজার ৩৫০ টাকা। এ ছাড়া ভিসা ফি ও বিমান টিকিটের পুরো ব্যয় বহন করছে নিয়োগকর্তা। জনপ্রতি আনুমানিক ২ লাখ টাকা খরচ সাশ্রয় হওয়ায় ১১২ কর্মীর মোট সাশ্রয়ের পরিমাণ প্রায় ২ কোটি ১০ লাখ টাকা।

কর্মী নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ ও দালালমুক্ত ছিল উল্লেখ করে রাশেদুল হক বলেন, ৪ হাজার ৩৯ জনের অনলাইন আবেদন থেকে গণমাধ্যমের সামনে প্রকাশ্য ই-লটারির মাধ্যমে ৩০০ জনকে বাছাই করা হয়। পরে নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারে তাঁদের মধ্য থেকে ১১২ জন চূড়ান্তভাবে নির্বাচিত হন।

তিনি আরও জানান, মালয়েশিয়ার চারটি প্রতিষ্ঠান থেকে বিনা খরচে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের চাহিদা পাওয়া গেছে। প্রতিষ্ঠানগুলো হলো—ডিএইচএল ১১২ জন, টপ গ্লোভ ৩৭৯ জন, তাতাওয়াত ইন্ডাস্ট্রি ৩২ জন এবং ইউনাইটেড প্লান্টেশন ৫২৫ জন।

দ্বিতীয় দফায় কর্মীদের কবে মালয়েশিয়ায় পাঠানো হবে, এমন প্রশ্নের জবাবে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক জানান, আগামী ৫ অথবা ৯ ডিসেম্বর তাঁদের পাঠানো হতে পারে। পরবর্তী ধাপে নির্বাচিত কর্মীরা অন্য একটি প্রতিষ্ঠানে যোগ দেবেন।

সরকারের ঘোষণা অনুযায়ী, প্রথম পর্যায়ে মোট ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে। লটারির মাধ্যমে তাঁদের নির্বাচন করা হচ্ছে। সংসদে প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই ১০ হাজার কর্মীর মধ্যে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাইযোদ্ধাদের মধ্য থেকে এক হাজার জনকে পাঠানো হবে।

২০২৪ সাল থেকে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ রয়েছে। বিএনপি সরকার গঠনের পর গুরুত্বপূর্ণ এই শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়। জুনে মালয়েশিয়া সফরের সময় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে বাংলাদেশিদের জন্য শ্রমবাজার খুলে দেওয়ার অনুরোধ জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী।

বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার প্রথম বন্ধ হয় ২০০৮ সালে। পরে ২০১৬ সালে তা আবার চালু করা হলেও দুর্নীতির অভিযোগে ২০১৮ সালে পুনরায় বন্ধ হয়ে যায়। ২০২২ সালে আবারও শ্রমবাজারটি উন্মুক্ত করা হয়। তবে ২০২৪ সালে সেটি ফের বন্ধ হয়ে যায়।

২০১৮ ও ২০২২ সালে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেটের মাধ্যমে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। ২০২৪ সালের ৩১ মে বন্ধ হয়ে যাওয়া দেশটির শ্রমবাজারের দরজা আবারও খুলছে বৃহস্পতিবার।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :