​এক মাস ধরে জ্বলছে গ্যাসের আগুন

ইনানীতে চূড়ান্ত অভিযানে যাচ্ছে বাপেক্স

আপলোড সময় : ২৬-১১-২০২৬ ০২:৪৬:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১১-২০২৬ ০২:৪৬:১৪ অপরাহ্ন
কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ থেকে বের হওয়া প্রাকৃতিক গ্যাসের আগুন জ্বলছে টানা ৩০ দিন ধরে। এতে কয়েকটি গ্রামের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। তবে দীর্ঘ পর্যবেক্ষণ ও প্রস্তুতি শেষে আগুন নিয়ন্ত্রণে চূড়ান্ত অভিযানে যাচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে শুরু হওয়ার কথা রয়েছে মূল অপারেশন। দেশীয় প্রযুক্তিতে এ অভিযান সফল হলে ব্যয় হবে মাত্র এক থেকে দুই কোটি টাকা। অথচ বিদেশি প্রতিষ্ঠানের সহায়তা নিতে হলে খরচ হতো ১০০ থেকে ১৫০ কোটি টাকা।

জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টায় মূল অভিযান শুরুর পরিকল্পনা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে তা পিছিয়ে যায়। পরে ত্রুটি সারিয়ে কেসিং ও ড্রিলিং পাইপ প্রস্তুতসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপনের কাজ শেষ করে বাপেক্সের দল। গত ১৩ দিন ধরে ২০ কর্মকর্তার পর্যবেক্ষণে ৫৫ সদস্যের দলটি কাজ করছে। ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১৯ ঘণ্টাই চলছে নিরবচ্ছিন্ন প্রস্তুতি।

বাপেক্সের পরিকল্পনা অনুযায়ী, প্রথমে বিশেষ যন্ত্রপাতির সাহায্যে কূপের কেন্দ্র থেকে গ্যাসের প্রবাহ অন্যদিকে সরিয়ে নেয়া হবে। এরপর প্রায় এক হাজার ফুট গভীরে বেন্টোনাইট মিশ্রিত ঘন মাড উচ্চচাপে পাম্প করা হবে। কূপের ভেতরে গ্যাসের চাপ আনুমানিক ৪০০ থেকে ৫০০ পিএসআই। বিপরীতে প্রায় ৬০০ পিএসআই চাপ প্রয়োগ করে গ্যাসের প্রবাহ বন্ধ করার চেষ্টা করা হবে।

বাপেক্সের ড্রিলিং সুপারিনটেনডেন্ট মো. রকিবুল হাসান বলেন, ‘প্রস্তুতিমূলক কাজ প্রায় শেষ পর্যায়ে। নিরাপত্তা নিশ্চিত করতে সেফটি মিটিংয়ের পর মূল অপারেশন শুরু করা হবে। বেন্টোনাইট একধরনের কাদামাটি। এটি পানির সঙ্গে মিশিয়ে ঘন মাড তৈরি করে কূপের ভেতরে পাম্প করা হবে। এতে গ্যাসের চাপ নিয়ন্ত্রণে এনে প্রবাহ বন্ধ করা সম্ভব হবে বলে আশা করছেন তারা। সফল হলে বৃহস্পতিবারই আগুন নেভানো সম্ভব।’

গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণে এলে সিমেন্টিংয়ের মাধ্যমে কূপটি স্থায়ীভাবে বন্ধ করা হবে। তবে শুধু আগুন নেভানো নয়, ওই এলাকায় গ্যাসের মজুত ও বাণিজ্যিক সম্ভাবনা যাচাইয়েরও উদ্যোগ নিয়েছে বাপেক্স। আগামী ডিসেম্বরের মধ্যে দুই থেকে তিন কিলোমিটার এলাকায় ত্রিমাত্রিক (থ্রিডি) জরিপ শুরুর পরিকল্পনা রয়েছে। এ জন্য একটি সার্ভে দলও কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছে।

বাপেক্সের প্রকল্প কর্মকর্তা আনিছুর রহমান বলেন, ‘কূপের গ্যাসের চাপ এখনো ৪০০ থেকে ৫০০ পিএসআইয়ের মধ্যে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগের তুলনায় চাপে বড় কোনো পরিবর্তন হয়নি। এলাকায় গ্যাসের সম্ভাব্য মজুত থাকতে পারে। তবে প্রকৃত মজুত ও বাণিজ্যিকভাবে উত্তোলনের সম্ভাবনা জানতে জরিপের ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে।’

বিদেশি প্রতিষ্ঠানের পরিবর্তে নিজস্ব জনবল, প্রযুক্তি ও ব্যবস্থাপনায় এ অভিযান পরিচালনা করছে বাপেক্স বলে জানান সংস্থাটির সাবেক মহাব্যবস্থাপক ও প্রতিনিধি দলের প্রধান হাওলাদার অহিদুল ইসলাম।

তিনি বলেন, ‘নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে ব্যয় হতে পারে এত থেকে দুই কোটি টাকা। একই কাজ বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে করাতে হলে খরচ হতো ১০০ থেকে ১৫০ কোটি টাকা। পাশাপাশি সময় লাগত ছয় মাসের বেশি।’

দীর্ঘ ৩০ দিনের আগুন নিয়ন্ত্রণে বাপেক্সের এই অভিযান এখন গুরুত্বপূর্ণ পরীক্ষার মুখে। দেশীয় প্রযুক্তিতে অভিযান সফল হলে বিপুল অর্থ সাশ্রয়ের পাশাপাশি দেশের জ্বালানি খাতে যুক্ত হবে নতুন অভিজ্ঞতা। এখন অপেক্ষা, শেষ পর্যন্ত কবে নিভবে ইনানীর এই আগুন।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :