​যুবলীগ নেত্রীর সঙ্গে কল রেকর্ড ফাঁসের পর ওসি প্রত্যাহার

আপলোড সময় : ২৬-১১-২০২৬ ১২:৩৯:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১১-২০২৬ ১২:৩৯:১৩ অপরাহ্ন
ফেনীর দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনির সঙ্গে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমানের কথোপকথনের দুটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) তাকে ফেনী পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে অডিও দুটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। রেকর্ডে ওসির মাইগ্রেনের ব্যথা সারানোর কথা বলে ওই নারী নেত্রীকে রাতে তাঁর সরকারি বাসভবনে ডাকার কথোপকথন শোনা যায়। পাশাপাশি দুই লাখ টাকা ঘুষ লেনদেনের বিষয়েও আলোচনা রয়েছে।

এ ঘটনার পর এক ভিডিও বার্তায় তাসকিরা তানিন সনি অভিযোগ করেন, গত ১০ নভেম্বর রাতে গ্রেপ্তারের পর থানা হাজতে ওসি তাঁর শ্লীলতাহানির চেষ্টা করেন। জামিনে মুক্তি পাওয়ার পর ফোন করে তাঁকে ওসির বাসভবনে যেতে বলা হয়েছিল বলেও দাবি করেন তিনি।

ঘটনাটি দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বুধবার ওসিকে প্রত্যাহার করা হয়। ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসপিব) মু. সাইফুল ইসলাম প্রশাসনিক কারণে এ সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে, ঘুষ গ্রহণ ও শ্লীলতাহানির অভিযোগ অস্বীকার করেছেন ওসি ফয়জুল আজিম। তিনি দাবি করেন, অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা। ভাইরাল হওয়া অডিওতে কণ্ঠস্বর তাঁর বলে স্বীকার করলেও অপরাধীদের বিষয়ে তথ্য সংগ্রহ এবং আসামি গ্রেপ্তারের কৌশল হিসেবে ওই নারী নেত্রীকে বাসায় আসতে বলেছিলেন বলে জানান তিনি।

ফেনী জেলা পুলিশ জানিয়েছে, ছড়িয়ে পড়া অডিও রেকর্ডের সত্যতা যাচাইয়ে ফ্যাক্ট-চেকিং তদন্ত চলছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট ওসির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :