জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপলোড সময় : ২৬-১১-২০২৬ ১০:৫৪:৫৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-১১-২০২৬ ১১:৩৬:০৪ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করেছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১ টায় রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ।

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর এবারের জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের আয়োজন করেছে।

এ উপলক্ষে পুরাতন বাণিজ্য মেলার মাঠে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই মেলায় ৬৪টি স্টল ও ছয়টি প্যাভিলিয়ন রয়েছে।

এর আগে সকাল সাড়ে ৯ টায় জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

পরে প্রাণিসম্পদ খাতের আগামীর সম্ভাবনা, উন্নয়ন এবং এই খাতের উন্নয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিভিন্ন অবদান তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতে অবদানের জন্য পুরস্কার বিজয়ীদের হাতে ৮টি ক্যাটাগরিতে ২৩টি জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬ (স্বর্ণ ও রৌপ্য) তুলে দেন প্রধানমন্ত্রী।

প্রথমেই গবাদি পশুর খামার ক্যাটাগরিতে পদক গ্রহণ করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। পদক পেয়ে তিনি নিজের অনুভূতি প্রকাশ করেন। এ ছাড়াও বিউটি পাঠার খামারের মালিক বিউটি বেগমও তার অনুভূতি প্রকাশ করেন।

পরে পদকপ্রাপ্তরা প্রধানমন্ত্রীর সঙ্গে গ্রুপ ফটোসেশনে অংশ নেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। এ সময় আরও বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি খায়রুল কবির খোকন, বাংলাদেশ ডেইরি এন্ড ফ্যাটেনিং ফার্মারস এসোসিয়েশন (বিডিএফএফএ)-এর সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন।

পরে প্রধানমন্ত্রী  তারেক রহমান  জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনীর  বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

আজ থেকে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন করা হবে। সূত্র: বাসস

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :