আইপিএল নিলামের তালিকায় নেই মোস্তাফিজ

আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০৬:৩০:০১ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০৭:৩৯:৫৯ অপরাহ্ন
আইপিএলের আসন্ন নিলামে বাংলাদেশের ১২ ক্রিকেটারের নাম থাকলেও তালিকায় জায়গা পাননি মোস্তাফিজুর রহমান। সাকিব আল হাসানের নামও নেই প্রকাশিত তালিকায়। বুধবার (২৫ নভেম্বর) ১ হাজার ২২৭ জন ক্রিকেটারের নামের তালিকা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

দুই সপ্তাহ আগে আইপিএল নিলামে নাম নিবন্ধনের খবর সামনে এসেছিল মোস্তাফিজের। তবে নিলামের জন্য প্রকাশিত চূড়ান্ত তালিকায় তাঁর নাম না থাকায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

নিলামের তালিকায় বাংলাদেশের ১২ ক্রিকেটার

বিসিসিআইয়ের প্রকাশিত তালিকা অনুযায়ী, আইপিএলে খেলার জন্য নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের ১২ জন ক্রিকেটার। তাঁরা হলেন: হাসান মাহমুদ,পারভেজ হোসেন ইমন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সইফ হাসান, শেখ মেহেদি হাসান, শামীম হোসেন পাটোয়ারী, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, তাওহীদ হৃদয়, মোহাম্মদ রুবেল, তাসকিন আহমেদ।

তালিকায় থাকা এই ক্রিকেটারদের কেউই এখন পর্যন্ত আইপিএলে খেলার সুযোগ পাননি।

মোস্তাফিজকে বাদ দেওয়া নিয়ে আগেও বিতর্ক

গত আসরের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কিন্তু বাংলাদেশ ও ভারতের সম্পর্কের অবনতি ঘটার পর বোর্ডের নির্দেশে তাঁকে দল থেকে বাদ দেয় ফ্র্যাঞ্চাইজিটি।

ঘটনাটি পরে বড় পরিসরে আলোচনায় আসে। এর প্রতিবাদে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপও বয়কট করে বাংলাদেশ।

নিলামে নাম লেখানোর খবর নিশ্চিত করেছিলেন নাফিস

গত ১১ নভেম্বর মোস্তাফিজের আইপিএল নিলামে নাম নিবন্ধনের বিষয়টি জানা যায়। বিসিবির ক্রিকেট অপারেশন্স কর্মকর্তা শাহরিয়ার নাফিসও গণমাধ্যমের কাছে খবরটি নিশ্চিত করেছিলেন।

তিনি জানিয়েছিলেন, আইপিএলের ছোট নিলামের আগে বিসিসিআই সব ক্রিকেট বোর্ডকে সম্ভাব্য খেলোয়াড়দের নাম জমা দিতে বলে। সেই প্রক্রিয়ায় মোস্তাফিজের পাশাপাশি নাহিদ, রিশাদ, তাওহীদ, হাসান মাহমুদ, তাসকিন ও শরিফুল ইসলাম নাম দিয়েছিলেন।

আইপিএলে মোস্তাফিজের দীর্ঘ অভিজ্ঞতা

সাকিব আল হাসানের পর বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে আইপিএলে সবচেয়ে বেশি খেলার অভিজ্ঞতা রয়েছে মোস্তাফিজের। পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে নয় মৌসুম খেলেছেন বাঁহাতি এই পেসার।

২০১৬ সালে আইপিএলের সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জিতেছিলেন তিনি। টুর্নামেন্টের ইতিহাসে এই সম্মান পাওয়া একমাত্র বিদেশি ক্রিকেটার মোস্তাফিজ।

আইপিএলে এখন পর্যন্ত ৬০ ম্যাচে ৮.১৩ ইকোনমি রেটে ৬০টি উইকেট নিয়েছেন ‘দ্য ফিজ’।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :