মির্জাপুরে ১২ ট্রান্সফরমার চুরি, সেচপাম্পের বিদ্যুৎ সংযোগ বন্ধ

আপলোড সময় : ২৫-১১-২০২৬ ১১:৪৮:১৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-১১-২০২৬ ১১:৫৫:০১ পূর্বাহ্ন
টাঙ্গাইলের মির্জাপুরে আবাদি জমির সেচপাম্পের ১২টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এতে বন্ধ রয়েছে সংশ্লিষ্ট এলাকার সেচপাম্পের বিদ্যুৎ সংযোগ।

চলতি মৌসুমে ইরি-বোরো মৌসুমে জমিতে সেচ দিতে না পারার আশঙ্কায় দুশ্চিন্তায় কৃষকেরা। নতুন ট্রান্সফরমার স্থাপনের খরচ নিয়েও বিপাকে রয়েছেন তারা।

শুক্রবার (২০ নভেম্বর) ও রবিবার (২২ নভেম্বর) রাতে উপজেলার মহেড়া ইউনিয়নের উত্তর আদাবাড়ি, গবড়া ও ভাতকুড়া গ্রাম থেকে ১২টি ট্রান্সফরমার চুরি হয়। চুরি হওয়া ট্রান্সফরমারের মধ্যে গবড়া গ্রামের শাহেদ আলী, ভাতকুড়া গ্রামের হাসমত এবং উত্তর আদাবাড়ি গ্রামের জাহিদ ও সাইদুল নবীনের ট্রান্সফরমার রয়েছে।

এর মধ্যে শাহেদ আলীর একারই তিনটি ট্রান্সফরমার চুরি হয়েছে।

কয়েকজন কৃষক জানান, চলতি ইরি-বোরো মৌসুম। এ সময় ধানখেতে নিয়মিত সেচ দেওয়া জরুরি। কিন্তু ট্রান্সফরমার চুরি হওয়ায় সেচ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

দ্রুত নতুন ট্রান্সফরমার স্থাপন করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা না হলে আবাদে ক্ষতির মুখে পড়তে পারেন তারা।

মহেড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শহীদুর রহমান শহীদ বলেন, ‘তিনদিনের ব্যবধানে বিভিন্ন গ্রাম থেকে একাধিক ট্রান্সফরমার চুরি হয়েছে। এতে সেচের পানি পাওয়া নিয়ে কৃষকদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে’। দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি নতুন ট্রান্সফরমার স্থাপনের দাবি জানান তিনি।

টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির মির্জাপুর আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি নিয়ে তারাও উদ্বিগ্ন।

এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।’

মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ট্রান্সফরমার চুরির অভিযোগে পুলিশ কাজ করছে।’

 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :