ফসলের মাঠে টিয়ার ঝাঁক

আপলোড সময় : ২৫-১১-২০২৬ ১১:৪৩:৫৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-১১-২০২৬ ১১:৪৩:৫৪ পূর্বাহ্ন
সবুজ শরীর, নীল-সবুজ লেজ, কাঁধে লাল প্যাঁচানো দাগ আর কয়েক সেন্টিমিটার লম্বা লেজ নিয়ে নওগাঁ জেলার বদলগাছীতে উড়ে বেড়াচ্ছে এক ঝাঁক হিরামন টিয়া। অগ্রহায়ণের শুরু থেকেই বিশেষ এই প্রজাতির পাখির দেখা মিলছে। কণ্ঠে মিষ্টি আওয়াজ তুলে আকাশে ওড়ার পাশাপাশি লম্বা ঘাসের শিষে বসে খাবার খাচ্ছে পাখিগুলো।

সরেজমিনে দেখা যায়, বদলগাছী উপজেলার দোনইল গ্রামসহ আশপাশের ফসলের মাঠে সৌন্দর্য ছড়িয়ে উড়ে বেড়াচ্ছে এসব হিরামন টিয়া। দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গেই খাবারের সন্ধানে মাঠে নামে পাখির ঝাঁক। ঘাসের দানা ও শস্যবীজ খেতে খেতে দল বেঁধে ছড়িয়ে পড়ে ফসলের জমিতে। মানুষের উপস্থিতি টের পেলেই মুহূর্তে উড়াল দেয় আকাশে, তবে কিছুক্ষণ পরই আবার ফিরে আসে।

গত কয়েক দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাখিগুলোর উড়ে চলার দৃশ্য ছড়িয়ে পড়ায় হিরামনের রঙিন ডানার সৌন্দর্য নিজ চোখে দেখতে ছুটে আসছেন নওগাঁ ছাড়াও ঢাকা, রাজশাহীসহ বিভিন্ন জেলার আলোকচিত্রীরা। কারও হাতে দামি ক্যামেরা, কারও হাতে ভিডিও ধারণের সরঞ্জাম। দূরত্ব বজায় রেখে পাখির গতিবিধি অনুসরণ করেন তারা। একটি সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করতে অনেক সময় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়, কেউ কেউ কাটিয়ে দিচ্ছেন পুরো দিন। শহরের ব্যস্ততা কাটিয়ে গ্রামের ফসলি মাঠে পাখির এই বিচরণ উপভোগ করা তাদের কাছে ভিন্ন এক অভিজ্ঞতা।

বদলগাছীর স্থানীয় আলোকচিত্রী সঞ্জয় কুমার জানান, গত কয়েক দিনে মনের সাধ মিটিয়ে বেশ কিছু স্থির চিত্র ও ভিডিও ধারণ করেছেন তিনি। জানান, প্রতি বছরই এই এলাকায় অল্প সংখ্যক হিরামন টিয়ার আগমন ঘটে। কিন্তু এ বছর প্রায় দেড় শতাধীক টিয়ার দেখা মিলেছে। মূলত খাবারের সন্ধানেই পাখিগুলো এখানে আসে। কয়েক মাস অবস্থানের পর আবার অন্যত্র চলে যায়। তবে মুশকিল হচ্ছে, এসব পাখি মানুষের বিরক্ত খুব একটা সহ্য করে না। তাই ছবি নেয়ার সময় অনেক দূর থেকে সাবধানতার সঙ্গে নিতে হয়। একটি ভালো ছবি যেনো মন আর চোখ দুটোকেই ঠান্ডা করে দেয়।

স্থানীয় পাখি প্রেমীরাও যেনো তাদের আদর আপ্যায়নে ঘাটতি রাখছেন না। ওই গ্রামের যুবক আরিফ আফরান নামে এক যুবক গ্রামের মাঠে তৈরি করেছেন হিরামনের খাবারের অনুকূল পরিবেশ। টিয়ার বিচরণ ধরে রাখতে তিনি নিজ খরচে জমিতে ছিটিয়েছেন বিদেশি জনসন ঘাসের বীজ। সেই ঘাসের বীজ ও দানা খেতেই প্রতিদিন ভোরে হাজির হয় পাখির দল।

আরিফ আফরান জানান, তার জমিতে পাখিদের আনাগোনা দেখতে প্রতিদিন গড়ে ১০ থেকে ১৫ জন ফটোগ্রাফার আসেন। এ পর্যন্ত অর্ধশত আলোকচিত্রী এখানে এসেছেন হীরামন টিয়ার ছবি তুলতে। পাখিগুলোর প্রতি মানুষের বাড়তি আগ্রহ দেখে আনন্দিত তিনিও।

তথ্য বলছে, বাংলাদেশ ছাড়াও চীন, ভুটান, উত্তর-পূর্ব ভারত, নেপাল এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার ঘন বনাঞ্চলে এই পাখি দেখা যায়। মূলত বাংলাদেশে হিরামন টিয়ার সাতটি প্রজাতির মধ্যে এটি একটি। সাধারণত শস্যবীজ, ছোট ফল ও ফুলের পাঁপড়ি এদের প্রধান খাবার। বড় গাছের প্রাকৃতিক কোটরে বসবাস করে এরা। জুলাই থেকে আগস্টের প্রজনন মৌসুমে স্ত্রী পাখি চার থেকে পাঁচটি ডিম দিয়ে থাকে।

একসময় রূপকথার গল্পে রাজকন্যা কিংবা রানিদের প্রিয় পাখি হিসেবে হীরামনের উল্লেখ পাওয়া যেত। সেই গল্পের পাখির বাস্তবে দেখা মিলছে এখন বদলগাছীর দোনইল গ্রামের ফসলের মাঠে। রঙিন পাখির এই আগমন শুধু আলোকচিত্রীদের আকর্ষণ করছে না, স্থানীয় প্রকৃতিতেও যোগ করেছে নতুন মাত্রা।

 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :