বাড়ছে হাতির উপদ্রব

শেরপুরে সোলার বাতি চুরি

আপলোড সময় : ২৪-১১-২০২৬ ০৩:৪৯:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১১-২০২৬ ০৩:৪৯:৪০ অপরাহ্ন
শেরপুরের সীমান্তবর্তী সড়কগুলোতে রাতের নিরাপত্তা নিশ্চিত করতে স্থাপন করা হয়েছিল সৌরবিদ্যুতের বাতি। কিন্তু স্থাপনের কয়েক মাসের মধ্যেই অধিকাংশ বাতি চুরি ও বিকল হয়ে পড়ায় আলোকায়নের উদ্যোগটি কার্যত অকার্যকর হয়ে গেছে। সন্ধ্যার পর সড়কজুড়ে নেমে আসে অন্ধকার। এতে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। বনাঞ্চলঘেঁষা এসব সড়কে বন্যহাতির উপদ্রবের পাশাপাশি চুরি ও ছিনতাইয়ের আশঙ্কায় বাড়ছে উদ্বেগ।

শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করেন হাজারো মানুষ। তাদের নিরাপদ চলাচলের কথা বিবেচনায় শ্রীবরদী উপজেলার বালিজুড়ি বাজার থেকে মেঘাদল বাজার পর্যন্ত সড়কে স্থাপন করা হয়েছিল ৩১টি সোলার স্ট্রিট লাইট। তবে স্থাপনের ছয় মাসের মধ্যেই অধিকাংশ বাতি চুরি ও বিকল হয়ে পড়ায় প্রকল্পের সুফল ধরে রাখা যায়নি।

সৌরবিদ্যুতের এসব বাতি দিনের আলোয় চার্জ হয়ে রাতে সড়ক আলোকিত করার কথা ছিল। কিন্তু স্থাপনের তিন-চার মাসের মধ্যেই অধিকাংশ বাতি বিকল হয়ে পড়ে। এরপর একে একে চুরি হতে থাকে বাতি ও সোলার প্যানেল। এমনকি খুলে নেওয়া হয়েছে লাইটের স্টিলের খুঁটিও। স্থানীয়দের দাবি, বর্তমানে পুরো সড়কে মাত্র তিনটি বাতি সচল রয়েছে।

আলোকায়ন ব্যবস্থা না থাকায় সন্ধ্যার পর সীমান্ত সড়কে চলাচল করতে গিয়ে বিপাকে পড়ছেন স্থানীয়রা। অন্ধকারে যানবাহন চালানো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। পাশাপাশি নিরাপত্তাহীনতায় ভুগছেন পথচারীরাও। নারী ও শিশুদের দুর্ভোগ আরও বেশি। স্থানীয়দের অভিযোগ, সড়কে আলো না থাকায় বন্যহাতির আক্রমণের ঝুঁকি বেড়েছে। একই সঙ্গে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের আশঙ্কাও তৈরি হয়েছে। দ্রুত সড়কগুলোতে নতুন করে সোলার স্ট্রিট লাইট স্থাপনের দাবি জানিয়েছেন তারা।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সোলার বাতিগুলো সচল থাকাকালে বন্যহাতির উপদ্রব, চুরি ও ছিনতাইয়ের ঘটনা তুলনামূলক কম ছিল। বাতিগুলো চুরি ও বিকল হয়ে যাওয়ার পর এসব ঘটনা আবারও বেড়েছে বলে দাবি তাদের। সড়কে আলো না থাকায় অপরাধীরা সুযোগ পাচ্ছে বলেও অভিযোগ করেন স্থানীয়রা।

বালিজুড়ি রেঞ্জের বন কর্মকর্তা রাতুল সাহা রানা বলেন, বন বিভাগের জনবল সংকট থাকলেও সোলার স্ট্রিট লাইট চালু থাকায় বনাঞ্চলের বিভিন্ন কার্যক্রম পরিচালনা ও তদারকিতে সুবিধা হতো। কিন্তু বাতিগুলো চুরি হয়ে যাওয়ার পর রাতের দায়িত্ব পালনসহ বিভিন্ন কাজে বন কর্মকর্তা ও বনপ্রহরীদের সমস্যায় পড়তে হচ্ছে।

শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা আহম্মেদ জানান, সীমান্ত সড়কে চুরি হওয়া সোলার লাইটের সংখ্যা ও সার্বিক পরিস্থিতি যাচাই করা হচ্ছে। নতুন করে বাতি স্থাপনের ক্ষেত্রে সেগুলোর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে পুনরায় সোলার স্ট্রিট লাইট স্থাপনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে স্থানীয় প্রশাসনের।

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেন, যথাযথ রক্ষণাবেক্ষণ ও তদারকি ছাড়া এসব সোলার লাইট দীর্ঘদিন সচল রাখা সম্ভব নয়। সীমান্ত সড়কে পুনরায় আলোকায়ন ব্যবস্থা চালুর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নতুন করে লাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

২০২০-২১ অর্থবছরে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের আওতায় বালিজুড়ি বাজার থেকে মেঘাদল বাজার পর্যন্ত ৩১টি সোলার স্ট্রিট লাইট স্থাপনে ব্যয় হয়েছিল ৮ লাখ ১০ হাজার টাকা। কিন্তু রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার অভাবে প্রকল্পটির সুফল দীর্ঘস্থায়ী হয়নি। সরকারি অর্থে স্থাপিত বাতিগুলো চুরি ও বিকল হয়ে পড়ায় আর্থিক ক্ষতির পাশাপাশি সীমান্ত এলাকার মানুষের নিরাপদ চলাচলও ব্যাহত হচ্ছে।

 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :