৩০০ ফিটে ডাকাতির খবর গুজব, আতঙ্কিত না হওয়ার আহ্বান

আপলোড সময় : ২৪-১১-২০২৬ ০১:৩০:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১১-২০২৬ ০১:৩০:৩৭ অপরাহ্ন
রাজধানীর ৩০০ ফিট সড়কে গাড়ি থামিয়ে ডাকাতির কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সড়কে ডাকাতির ঘটনা ঘটেছে দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছে সংস্থাটি। একই সঙ্গে যাচাই-বাছাই ছাড়া এ ধরনের তথ্য প্রচার না করতে এবং গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঢাকা ট্রিবিউনের পেজ থেকে ৩০০ ফিট সড়কে গাড়ি থামিয়ে ডাকাতির একটি ভিডিও প্রকাশ করা হয়। ‘৩০০ ফিটে গাড়ি থামিয়ে ডা/কা/তি, ড্যাশক্যামে ধরা পড়ল ভ/য়ং/ক/র মুহূর্ত!’ শিরোনামে প্রকাশিত ১ মিনিট ৮ সেকেন্ডের ওই ভিডিওটি ঘিরে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে।

তবে ভিডিওতে যে ডাকাতির ঘটনার কথা তুলে ধরা হয়েছে, তার কোনো বাস্তবতা নেই বলে জানিয়েছে ডিএমপি। পুলিশের বক্তব্য অনুযায়ী, রাজধানীর ৩০০ ফিট সড়কে গাড়ি থামিয়ে ডাকাতির এমন কোনো ঘটনা ঘটেনি।

ডিএমপি বলছে, কোনো ঘটনার সত্যতা যাচাই না করে চাঞ্চল্যকর শিরোনামে সংবাদ বা ভিডিও প্রকাশ করলে সাধারণ মানুষের মধ্যে অপ্রয়োজনীয় আতঙ্ক তৈরি হতে পারে। বিশেষ করে আইনশৃঙ্খলা ও জননিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে অসমর্থিত তথ্য প্রচার জনমনে ভুল ধারণা সৃষ্টি করে।

এ ধরনের পরিস্থিতি এড়াতে সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ঘটনার সত্যতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে পুলিশ। গণমাধ্যমের দায়িত্বশীলতার অংশ হিসেবে তথ্য যাচাই করে সংবাদ পরিবেশন করা প্রয়োজন বলেও জানিয়েছে সংস্থাটি।

পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো ভিডিও বা সংবাদ দেখেই সেটিকে সত্য বলে ধরে না নেয়ার আহ্বান জানিয়েছে ডিএমপি। জনসাধারণকে বিভ্রান্তিকর প্রচারণা থেকে সতর্ক থাকার পাশাপাশি অপরাধসংক্রান্ত কোনো তথ্য যাচাই ছাড়া প্রচার না করার পরামর্শ দেয়া হয়েছে।

ডিএমপি আরও জানিয়েছে, ৩০০ ফিট সড়কসহ যেকোনো স্থানে সন্দেহজনক কর্মকাণ্ড বা অপরাধের ঘটনা চোখে পড়লে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে না দিয়ে নিকটস্থ থানায় জানাতে হবে। প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করে অপরাধের তথ্য দেয়ার জন্যও নাগরিকদের অনুরোধ করেছে পুলিশ।

জননিরাপত্তা নিশ্চিত করতে সঠিক তথ্যের প্রচার এবং গুজব ও বিভ্রান্তিকর তথ্য এড়িয়ে চলার ওপর গুরুত্ব দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :