এইচএসসির খাতা পুনর্মূল্যায়ন

ফেল থেকে পাস সাড়ে পাঁচ হাজার, জিপিএ ৫ বাড়ল ১৬০০

আপলোড সময় : ২৩-১১-২০২৬ ০৭:৪৩:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১১-২০২৬ ০৭:৪৪:৫৮ অপরাহ্ন
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের পর ৩৩ হাজার ৩৪৯ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছেন ৫ হাজার ৫৪৮ জন।

নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬০০ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে প্রথম ফলাফলে ফেল করা ২০ জনও রয়েছেন।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করে।

বোর্ডভিত্তিক ফল বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি ফল পরিবর্তন হয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ৮ হাজার ৩৩৯ জনের ফল পরিবর্তন হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা ঢাকা শিক্ষা বোর্ডে ফল পরিবর্তন হয়েছে ৫ হাজার ৮৫৩ জনের।

এ ছাড়া কারিগরি শিক্ষা বোর্ডে ৩ হাজার ৮৬০ জন, কুমিল্লা বোর্ডে ৩ হাজার ৬৫ জন, বরিশাল বোর্ডে ২ হাজার ৭৭২ জন, দিনাজপুর বোর্ডে ২ হাজার ২৪৮ জন, চট্টগ্রাম বোর্ডে ২ হাজার ৪৩ জন, যশোর বোর্ডে ১ হাজার ৯০৯ জন, সিলেট বোর্ডে ১ হাজার ৩৫৩ জন, মাদ্রাসা বোর্ডে ১ হাজার ১২৮ জন এবং রাজশাহী বোর্ডে ৭৭৯ জনের ফল পরিবর্তন হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এ বোর্ডে নতুন করে ফেল থেকে পাস করেছেন ৫৯২ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪৬৪ জন। তাদের মধ্যে আগে অকৃতকার্য ছিলেন, এমন একজন শিক্ষার্থীও রয়েছেন।

এবার এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পাশাপাশি পুনর্মূল্যায়নের সুযোগ চালু করা হয়েছে। ফলে শুধু নম্বর যোগ-বিয়োগ বা গণনার ভুল সংশোধন নয়, উত্তরপত্রের মূল্যায়ন নিয়েও নতুন করে পর্যালোচনার সুযোগ পেয়েছেন শিক্ষার্থীরা।

আন্তঃশিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবার পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেন ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র জমা পড়ে।

বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আবেদন জমা পড়ে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়। চট্টগ্রাম বোর্ডে আবেদন জমা পড়ে ১ লাখ ১৭ হাজার ৭০০টি। এ ছাড়া রাজশাহী বোর্ডে ১ লাখ ৯ হাজার ৯৭১টি, যশোর বোর্ডে ৯৭ হাজার ৬১৮টি, কুমিল্লা বোর্ডে ৯২ হাজার ৭৭৬টি, দিনাজপুর বোর্ডে ৮৯ হাজার ৪২০টি, ময়মনসিংহ বোর্ডে ৭১ হাজার ৭৬২টি, বরিশাল বোর্ডে ৫৩ হাজার ৪০৯টি, সিলেট বোর্ডে ৫১ হাজার ২৪৩টি, মাদ্রাসা বোর্ডে ৪০ হাজার ৮৩০টি এবং কারিগরি বোর্ডে ২৬ হাজার ৮০৬টি উত্তরপত্রের জন্য আবেদন করা হয়।

গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিল। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলেন ৪০ হাজার ৮৪ জন।

ফল প্রকাশের পর ১ নভেম্বর থেকে পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদন নেওয়া শুরু হয়। ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত আবেদন করার সুযোগ পান শিক্ষার্থীরা।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :