​সাত শহরে বিসিবির ক্রিকেট একাডেমি, বিনা খরচে হবে প্রশিক্ষণ

আপলোড সময় : ২২-১১-২০২৬ ০৬:৩৭:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১১-২০২৬ ০৬:৩৭:২৭ অপরাহ্ন
ঢাকার বাইরে ক্রিকেট ছড়িয়ে দিতে দেশের সাতটি শহরে একযোগে ক্রিকেট একাডেমি চালুর পরিকল্পনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এসব একাডেমিতে নির্বাচিত ৫০-৬০ জন করে তরুণ ক্রিকেটারকে সম্পূর্ণ বিনা খরচে প্রশিক্ষণ দেওয়া হবে। 

আগামী কয়েক মাসের মধ্যেই কার্যক্রম শুরুর আশা করছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। রোববার (২২ নভেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এই পরিকল্পনার কথা জানান তিনি।

বিসিবি প্রধান বলেন, ‘বিসিবি একসঙ্গে সাত থেকে আটটি শহরে একাডেমি চালু করতে যাচ্ছে। তবে আমরা স্থানীয় একাডেমিগুলোকে কোনোভাবেই চ্যালেঞ্জ করতে চাই না। স্থানীয় একাডেমিগুলো থাকা খুবই জরুরি। কারণ, তারাই খেলোয়াড় তৈরি করে।’

নতুন একাডেমি চালুর জন্য বড় ধরনের বিনিয়োগের প্রয়োজন দেখছেন না বিসিবি সভাপতি। তার মতে, দেশের বিভিন্ন বিভাগ ও জেলায় আগে থেকেই মাঠ, উইকেট, ইনডোর সুবিধা এবং কোচ রয়েছেন। বিসিবিকে বাড়তি করে শুধু ক্রিকেট বল ও প্রয়োজনীয় সরঞ্জাম দিতে হবে।

তামিম বলেন, ‘সিলেটে যদি একটা একাডেমি হয়, সেখানে মাঠ আছে, উইকেট আছে, ইনডোরও আছে। আমার কী লাগবে একাডেমি শুরু করতে? বল আর কাপড়। আমার সব সুযোগ-সুবিধা আছে। একইভাবে চট্টগ্রাম, খুলনা, বগুড়া ও বরিশালেও। কোচও আছে। জেলা ও বিভাগীয় কোচদের আমরা বেতন দিই। তারা তিন-চার মাস কাজ করার পর অনেক সময় আর কাজ থাকে না। এই একাডেমিগুলো চালু হলে তারাও কাজ করার সুযোগ পাবেন।’

একাডেমিগুলোতে প্রশিক্ষণের জন্য নির্বাচিত ক্রিকেটারদের কোনো ধরনের ফি দিতে হবে না। বিসিবিই তাদের সব খরচ বহন করবে। সপ্তাহে তিন দিন বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। এতে ক্রিকেটারদের পড়াশোনায় ব্যাঘাত ঘটবে না বলেও মনে করেন বিসিবি সভাপতি।

তিনি বলেন, ‘আমরা চেষ্টা করবো বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার একাডেমিগুলো পরিচালনা করতে, যাতে তাদের পড়াশোনায় কোনো সমস্যা না হয়। যাদের আমরা নির্বাচন করবো, ৫০ জন হোক বা ৬০ জন তাদের প্রশিক্ষণ সম্পূর্ণ বিনা খরচে হবে। বিসিবি সবকিছুর দায়িত্ব নেবে।’

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :