ইরানে বিদ্যুৎ সংকট চরমে, দিনে দুই ঘণ্টা লোডশেডিং

আপলোড সময় : ২২-১১-২০২৬ ০২:৫১:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১১-২০২৬ ০২:৫১:০৭ অপরাহ্ন
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে ভয়াবহ বিদ্যুৎ সংকটে পড়েছে ইরান। দেশটির গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় আগে থেকেই থাকা বিদ্যুৎ ও জ্বালানি সংকট আরও তীব্র হয়েছে। এ পরিস্থিতিতে রোববার (২২ নভেম্বর) থেকে দেশজুড়ে পর্যায়ক্রমে লোডশেডিং শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

ইরানের জাতীয় বিদ্যুৎ কোম্পানির প্রধান মোহাম্মদ আল্লাহদাদ জানিয়েছেন, রোববার থেকে বিদ্যুৎ সরবরাহে বিধিনিষেধ আরোপ করা হবে। এলাকাভেদে প্রতি দুই দিনে একবার প্রায় দুই ঘণ্টা অথবা প্রতিদিন সর্বোচ্চ দুই ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ রাখা হতে পারে।

দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরানের জ্বালানি অবকাঠামোতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার কারণে শীত মৌসুমের আগেই বিদ্যমান জ্বালানি সংকট আরও ভয়াবহ হয়ে উঠেছে।

তিনি বলেন, দেশের গ্যাস অবকাঠামোতে হামলার ফলে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সামনে শীতকালে ইরানকে জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ নিয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেন তিনি।

বিশ্বের অন্যতম বৃহৎ তেল ও গ্যাসের মজুত রয়েছে ইরানে। এরপরও দীর্ঘদিন ধরে নিজেদের অভ্যন্তরীণ জ্বালানির চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে দেশটি।

এ ছাড়া ইরানের বিদ্যুৎ সরবরাহব্যবস্থা অনেক পুরোনো। বছরের পর বছর পর্যাপ্ত বিনিয়োগ না হওয়ায় বিদ্যুৎ অবকাঠামো দুর্বল হয়ে পড়েছে। কয়েক দশক ধরে পশ্চিমা দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞাও এ খাতের উন্নয়ন ও আধুনিকায়নে বাধা সৃষ্টি করেছে।

এর মধ্যে চলমান যুদ্ধে বিদ্যুৎ ও গ্যাস অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় সংকট আরও জটিল হয়েছে। ফলে শীত মৌসুমে সাধারণ মানুষের পাশাপাশি শিল্পকারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠানও বিদ্যুৎ সরবরাহের সমস্যায় পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 

 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :