​১৬ বছরের কম বয়সীদের সোশাল মিডিয়া ব্যবহারে নীতিমালা চান হাইকোর্ট

আপলোড সময় : ২২-১১-২০২৬ ০২:১৮:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১১-২০২৬ ০৩:২১:১৩ অপরাহ্ন
১৬ বছরের কম বয়সী শিশুদের ফেসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে নীতিমালা তৈরির জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (২২ নভেম্বর) বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ ফায়সাল দস্তগীর।

নীতিমালা তৈরির জন্য সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের সমন্বয়ে দ্রুত একটি স্বাধীন কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আদালত। টেলিযোগাযোগ সচিব, নারী ও শিশুবিষয়ক সচিব, স্বাস্থ্য সচিব, আইন সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফায়সাল দস্তগীর এ রিট আবেদন করেন। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।

রুলে ১৬ বছর বা তার কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে নীতিমালা তৈরিতে সরকারের সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি নীতিমালা প্রণয়ন এবং শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিরূপণে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, সে বিষয়েও জবাব চেয়েছেন আদালত।

বিবাদীদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হবে।

আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফায়সাল দস্তগীর বলেন, দেশে এ বিষয়ে কোনো নীতিমালা না থাকায় শিশুরা অবাধে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে। এর ফলে তারা বিভিন্নভাবে প্রভাবিত হচ্ছে। অনেক শিশুর মধ্যে একাকিত্ব ও হতাশার মতো সমস্যা দেখা দিচ্ছে। এতে তাদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।

রিট আবেদনে আইসিডিডিআরবির একটি গবেষণা প্রতিবেদনের তথ্য তুলে ধরে বলা হয়েছে, ঢাকার প্রতি পাঁচ শিশুর মধ্যে চারজনের বেশি, অর্থাৎ ৮৩ শতাংশ প্রতিদিন দুই ঘণ্টারও বেশি সময় পর্দার সামনে কাটায়। শিশুদের বিনোদনের জন্য পর্দা ব্যবহারের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে সুপারিশ করা সময়সীমাকেও ছাড়িয়ে যাচ্ছে এই ব্যবহার। গবেষণায় অংশ নেওয়া শিশুরা স্মার্টফোন, টেলিভিশন, ট্যাবলেট, কম্পিউটার ও গেমিং যন্ত্র ব্যবহার করে প্রতিদিন গড়ে প্রায় ৪ দশমিক ৬ ঘণ্টা সময় ব্যয় করে।

গবেষণায় আরও উঠে এসেছে, এক-তৃতীয়াংশের বেশি শিশু চোখের সমস্যায় ভুগছে। প্রায় ৮০ শতাংশ শিশুর নিয়মিত মাথাব্যথা হয়। প্রতিদিন দুই ঘণ্টার বেশি সময় পর্দা ব্যবহার করা শিশুদের ঘুমের সময়ও উল্লেখযোগ্যভাবে কম। তারা রাতে গড়ে মাত্র ৭ দশমিক ৩ ঘণ্টা ঘুমায়। অথচ এ বয়সী শিশুদের শারীরিক বৃদ্ধি ও মস্তিষ্কের স্বাভাবিক বিকাশের জন্য প্রতিদিন ৮ থেকে ১০ ঘণ্টা ঘুম প্রয়োজন।

এ ছাড়া গবেষণায় অংশ নেওয়া প্রায় ১৪ শতাংশ শিশুর অতিরিক্ত ওজন বা স্থূলতার সমস্যা রয়েছে। দীর্ঘ সময় পর্দার সামনে থাকা শিশুদের মধ্যে এ হার তুলনামূলক বেশি।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, শৈশবে দীর্ঘদিন পর্যাপ্ত ঘুম না হলে স্মৃতিশক্তি, মনোযোগ, শেখার দক্ষতা ও আবেগ নিয়ন্ত্রণের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। একই সঙ্গে শারীরিক বৃদ্ধি ব্যাহত হওয়ার আশঙ্কাও রয়েছে। এর ফলে শিশুদের সামগ্রিক মানসিক সুস্থতা ক্ষতিগ্রস্ত হতে পারে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :