বিশ্ব রাজনীতিতে ভারত এখন আর আগের মতো প্রভাবশালী নয়, বরং ‘সাইড প্লেয়ার’ বা ‘পার্শ্বচরিত্রে’ পরিণত হয়েছে। এমন মন্তব্যই করেছেন দেশটির বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তার দাবি, পাকিস্তান যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মতো দেশের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালাচ্ছে, তখন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আলোচনায় ভারতের ভূমিকা কমে যাচ্ছে।
সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব শিকাগোতে বক্তব্য দেয়ার সময় রাহুল গান্ধী এসব কথা বলেন। এসময় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পররাষ্ট্রনীতির ব্যাপক সমালোচনা করেন। তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান ও সিদ্ধান্তের মাধ্যমে প্রভাব বিস্তারের সক্ষমতা হারাচ্ছে ভারত। অন্যদিকে পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইরানের মতো গুরুত্বপূর্ণ শক্তির সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে।
ইউনিভার্সিটি অব শিকাগোতে দেয়া বক্তব্যে রাহুল বলেন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভারত ঐতিহ্যগতভাবেই স্বাধীন অবস্থান বজায় রেখে চলেছে। কৌশলগত অংশীদারত্বের পাশাপাশি বৈশ্বিক পরিস্থিতি নিয়ে নিজেদের স্বতন্ত্র দৃষ্টিভঙ্গিও ছিল দেশটির। কিন্তু এখন গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক আলোচনাগুলোতে ভারতকে ক্রমেই বাইরে রাখা হচ্ছে।
রাহুল বলেন, ‘ভূরাজনীতি সম্পর্কে ভারতের সব সময়ই অত্যন্ত পরিণত ধারণা ছিল। বিভিন্ন দেশের সঙ্গে আমাদের অংশীদারত্ব ও সম্পর্ক ছিল, কিন্তু নিজেদের স্বতন্ত্র চিন্তাভাবনাও ছিল। আয়তন ও গুরুত্বের কারণে স্বাভাবিকভাবেই বিশ্ব অঙ্গনে ভারতের একটি শক্তিশালী অবস্থান রয়েছে। বৈশ্বিক আলোচনায় ভারতের সক্রিয়ভাবে অংশ নেয়া উচিত। কিন্তু সত্যি বলতে, ভারত এখন পার্শ্বচরিত্রে পরিণত হয়েছে। অন্যদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে পাকিস্তান।’
পাকিস্তানের কূটনৈতিক তৎপরতায় বিস্ময় প্রকাশ করে রাহুল প্রশ্ন তোলেন, বিশ্বনেতাদের সঙ্গে ব্যক্তিগত বন্ধুত্বের সম্পর্কের ওপর ভিত্তি করে কি কোনো দেশের পররাষ্ট্রনীতি পরিচালিত হতে পারে?
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারবার বলেন— ‘তিনি আমার বন্ধু।’ কিন্তু বন্ধুত্ব এখানে মূল বিষয় নয়। ভূরাজনীতি এভাবে চলে না। বন্ধুত্ব নিয়ে কার কী আসে যায়? কারও সঙ্গে বন্ধুত্ব আছে বলেই ভূরাজনীতি পরিচালিত হবে—আপনারা কি সত্যিই তা মনে করেন?’
এদিকে রাহুলের এ বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতের আন্তর্জাতিক অবস্থানকে খাটো করার অভিযোগ তুলেছে দলটি। বিজেপির মুখপাত্র সিআর কেশবন কংগ্রেস নেতার এই বক্তব্যকে ‘অত্যন্ত নিন্দনীয় ও ক্ষমার অযোগ্য’ বলে অভিহিত করেছেন। তার অভিযোগ, প্রকাশ্যে ভারতকে বিশ্ব রাজনীতির পার্শ্বচরিত্র হিসেবে তুলে ধরে দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন রাহুল।
কেশবন বলেন, ‘বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর কথাবার্তা শুনে মনে হচ্ছে, তিনি পাকিস্তানের একজন উৎসাহী সমর্থক ও নির্লজ্জ প্রচারক। তার দায়িত্বজ্ঞানহীন বক্তব্য প্রমাণ করে, বিশ্ব রাজনীতি সম্পর্কে রাহুল গান্ধীর ধারণা কতটা অস্পষ্ট।’
এদিকে পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা শুরুর সম্ভাবনা নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন রাহুল। তিনি বলেছেন, ‘সন্ত্রাসবাদে সমর্থন’ দেয়া বন্ধ না করলে ইসলামাবাদের সঙ্গে আলোচনা আবার শুরু করা সম্ভব নয়।
ইউনিভার্সিটি অব শিকাগোতে তাকে জিজ্ঞাসা করা হয়, পারস্পরিক দোষারোপের বাইরে গিয়ে ভারত ও পাকিস্তান একসঙ্গে কাজ করতে পারে কি না। জবাবে রাহুল বলেন, দুই দেশের মধ্যে আলোচনার সুযোগ রয়েছে। তবে সন্ত্রাসবাদ বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছে।
তিনি বলেন, ‘আলোচনার সুযোগ রয়েছে। কিন্তু বড় একটি সমস্যা আছে। আর সেটি হলো, আমাদের দেশে সন্ত্রাসবাদে পাকিস্তানের সমর্থন ও উসকানি। পাকিস্তানের সঙ্গে আলোচনা চালানোর সময় আমাদের নিরীহ মানুষ হত্যার শিকার হবেন—এমন পরিস্থিতি মেনে নেয়া অসম্ভব। তাই এই তৎপরতা বন্ধ হলেই কেবল আলোচনা শুরু হতে পারে।’
ইসরায়েলের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গেও স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণের পক্ষে নিজের অবস্থান তুলে ধরেন রাহুল। তিনি বলেন, প্রতিরক্ষা সহযোগিতাসহ ইসরায়েলের সঙ্গে ভারতের সুসম্পর্ক বজায় রাখা উচিত। তবে আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে ভারতের অবস্থান অন্য কোনো দেশের স্বার্থের ভিত্তিতে নয়, বরং নিজেদের স্বার্থ বিবেচনা করেই নির্ধারণ করতে হবে।
রাহুল বলেন, ‘ইসরায়েলের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে। আমরা তাদের কাছ থেকে অস্ত্রও কিনি। কিন্তু ১৫০ কোটি মানুষের দেশ হিসেবে আমরা অনেক বড়। আমাদের পররাষ্ট্রনীতি নির্ধারিত হওয়া উচিত আমাদের জন্য কোনটি ভালো, তা বিবেচনা করে; অন্যদের জন্য কোনটি ভালো, তা দেখে নয়।’
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক বজায় রাখার পক্ষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করলেও গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের সমালোচনা করেন রাহুল গান্ধী।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন