পদ্মার দুই পাঙাশের দাম ২১ হাজার টাকা

আপলোড সময় : ২০-১১-২০২৬ ১১:৫৫:৫৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-১১-২০২৬ ১১:৫৫:৫৪ পূর্বাহ্ন
রাজবাড়ীর পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে বড় আকৃতির দুটি পাঙাশ মাছ। মাছ দুটি রাজবাড়ীর ধাওয়াপাড়া ফেরিঘাটের মাছ বাজারে মোট ২১ হাজার ৩২৫ টাকায় বিক্রি হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৮টার দিকে রাজবাড়ী সদর উপজেলার ধাওয়াপাড়া ফেরিঘাট বাজারে নিলামের মাধ্যমে মাছ দুটি বিক্রি করা হয়।

ঘাটের মাছ বাজার সূত্রে জানা গেছে, প্রথমে ৯ কেজি ওজনের একটি পাঙাশ মাছ বাজারে নিয়ে আসেন জেলে আসলাম হালদার। পরে আকরাম শেখের মৎস্য আড়তে নিলামের মাধ্যমে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন স্থানীয় ব্যবসায়ী গৌতম হালদার। মাছটির মোট দাম হয়েছে ১১ হাজার ৭০০ টাকা।

তার কিছুক্ষণ পরই ৭ কেজি ৭০০ গ্রাম ওজনের আরেকটি পাঙাশ মাছ নিয়ে আসেন জেলে শান্ত হালদার। মিরাজ মিয়ার মাছের আড়তে নিলামের মাধ্যমে মাছটি প্রতি কেজি ১ হাজার ২৫০ টাকা দরে কিনে নেন ব্যবসায়ী গৌতম হালদার। মাছটির মোট দাম হয়েছে ৯ হাজার ৬২৫ টাকা।

দুটি মাছের মোট ওজন ১৬ কেজি ৭০০ গ্রাম। পরে মাছ দুটির মোট দাম দাঁড়ায় ২১ হাজার ৩২৫ টাকা।

রাজবাড়ী সদর উপজেলার ধাওয়াপাড়া ঘাটের স্থানীয় মাছ বাজারের আড়তদাররা জানান, প্রতিবছরের তুলনায় এবার পদ্মা নদীতে মাছের পরিমাণ বেশ কমেছে। মাঝেমধ্যে দু-একটি বড় পাঙাশ মাছ জেলেদের জালে ধরা পড়ছে। তারা মাছগুলো বাজারে এনে ভালো দাম পাচ্ছেন।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :