​৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

আপলোড সময় : ১৯-১১-২০২৬ ১১:৫৭:৫৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-১১-২০২৬ ১২:০০:৩৭ অপরাহ্ন
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আগামী ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের ফিরতি সফর হিসেবে তার এ বাংলাদেশ সফর অনুষ্ঠিত হচ্ছে। বিএনপি সরকার গঠনের পর এটিই হবে কোনো বিদেশি সরকারপ্রধানের প্রথম বাংলাদেশ সফর।

কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, ৭ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকায় পৌঁছে সর্বোচ্চ ১২ থেকে ১৩ ঘণ্টা অবস্থান করবেন আনোয়ার ইব্রাহিম। সফর শেষে তার ব্যাংকক যাওয়ার কথা রয়েছে। সফরের দ্বিতীয় দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন তিনি।

বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর, কৃষি ও শিক্ষা খাতের সহযোগিতার পাশাপাশি শ্রমবাজারের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। এ ছাড়া জুনে তারেক রহমানের মালয়েশিয়া সফরের সময় নেওয়া সিদ্ধান্তগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হবে। সফরে তথ্য ও সম্প্রচার এবং তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত দুটি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনাও রয়েছে।

এদিকে ২০২৪ সাল থেকে বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, ডিসেম্বরের আগেই বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে। এর প্রথম ধাপে ১১২ জন কর্মী বাছাইয়ের কাজ চলছে।

আনোয়ার ইব্রাহিমের সফর প্রস্তুতি নিয়ে বুধবার (১৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর আগে ২০২৪ সালের অক্টোবরে সর্বশেষ বাংলাদেশ সফর করেছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :