কলাপাড়ায় বিধি-বিধান ছাড়াই চলছে প্রাইভেট হাসপাতালসহ ১৩ ডায়াগনস্টিক সেন্টার

আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০৩:৫৬:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০৫:৪৭:২০ অপরাহ্ন
সরকারি বিধিবিধান ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্ধারিত শর্ত উপেক্ষা করেই বছরের পর বছর পটুয়াখালীর কলাপাড়ায় পরিচালিত হচ্ছে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম। লাইসেন্স নবায়ন না করা এবং বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগে এবার এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে কলাপাড়া উপজেলার একটি প্রাইভেট হাসপাতাল, একটি ক্লিনিক ও ১৩টি ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য জেলা প্রশাসককে চিঠি দিয়েছেন পটুয়াখালীর সিভিল সার্জন।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া স্বাক্ষরিত ওই চিঠিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন অনিয়মের বিষয় তুলে ধরা হয়েছে। এতে উল্লেখ করা হয়, প্রতিষ্ঠানগুলোর অনেকেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্ধারিত শর্ত পূরণ করছেন না। পাশাপাশি কয়েকটি প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন না করার বিষয়টিও চিহ্নিত করা হয়েছে।

চিঠিতে উল্লেখিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে কলাপাড়া পৌর শহরের প্রাইভেট ম্যাক্স হাসপাতাল ও জমজম ক্লিনিক এবং উপজেলার ১৩টি ডায়াগনস্টিক সেন্টার। ডায়াগনস্টিক সেন্টারগুলো হলো—ধানখালীর নাবিল ডায়াগনস্টিক সেন্টার, বানাতিবাজারের ল্যাবপ্লেক্স হেল্থ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, কলাপাড়া শহরের নিউ বসুন্ধরা, নিউ এপোলো, ডক্টরস কেয়ার, মুক্তি ডিজিটাল, আলীপুর বাজারের ইসলামিয়া ডিজিটাল, মহিপুর বাজারের গ্রীণ ডিজিটাল, কুয়াকাটা ডায়াগনস্টিক, কলাপাড়ার লাইফ কেয়ার ডায়াগনস্টিক, সাউথ পপুলার ডায়াগনস্টিক, রয়েল ডিজিটাল ডায়াগনস্টিক ও জমজম ডায়াগনস্টিক সেন্টার। 

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, এসব প্রতিষ্ঠানের অনেকেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্ধারিত শর্তাবলি যথাযথভাবে অনুসরণ করছেন না। বিশেষ করে প্রাইভেট ম্যাক্স হাসপাতালের লাইসেন্স নবায়ন নিয়ে গুরুতর অনিয়মের তথ্য উঠে এসেছে। প্রতিষ্ঠানটির ২০২৩-২৪ অর্থবছরের পরবর্তী দুই বছরেও লাইসেন্স নবায়ন করা হয়নি বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। তবে ম্যাক্স হাসপাতালের মালিকানার অংশীদার একজন পচিালক একরামুল কবির নাহিদ দাবি করেন তাঁদের লাইসেন্স নবায়নের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তবে দুই বছরেও কেন নবায়ন হয়নি, এর যথাযথ উত্তর মেলেনি।

স্বেচ্ছ্বাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসীর সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম জানান, সরকারি বিধিবিধান ছাড়া এসব ডায়াগনস্টিক সেন্টরগুলোতে রোগিরা জিম্মি হয়ে আছে। যেখানে যে চিকিসক প্রাকটিস করেন তার বাইরে থেকে পছন্দসই ডায়াগনস্টিক সেন্টার থেকে পরীক্ষা করালে ওই রিপোর্ট দেখেন না। এটা একটা অমানবিক বিষয়। আর সরকারি বিধি-বিধান না মানা এবং যথাযথ কাগজপত্র না থাকলে ওই প্রতিষ্ঠানে চিকিৎসকদের চিকিৎসা প্রদান করা ঠিক না বলেও তিনি মন্তব্য করেন।

চিকিৎসা নিতে যাওয়া এক রোগীর স্বজন মোঃ আল-আমিন বলেন, ‘ আমি সেদিনকে আমার এক রোগির এক্স-রে করতে নিজের পছন্দের ক্লিনিকে যেতে চাইলে তারা করতে দেননি।’ এমন জিম্মি দশার অবসান হওয়া দরকার। আর টেস্টের একটা সরকারি অনুমোদিত রেটচার্ট দৃশ্যমাণ স্থানে টাঙিয়ে দেওয়ার দাবি তার।

তরুণ পরিবেশ সংগঠক নাজমুস সাকিব বলেন, ‘ কোন বিধি-বিধান ছাড়াই ক্লিনিক, ডায়াগনস্টিক এমনকি ব্যক্তিগত হাসপাতাল পর্যন্ত সচল রয়েছে। এর চেয়ে আর অরাজকতা কী হতে পারে- এমন জিজ্ঞাসা তার।

এসবের কোন কোন ক্লিনিকের চিকিৎসকসহ মালিকপক্ষের বিরুদ্ধে ইতিপূর্বে প্রসূতি ও নবাজতকের মৃত্যুর ঘটনা নিয়ে অনেক ভুক্তভোগী অভিযোগ তুলেছেন। প্রতিবাদ সমাবেশ পর্যন্ত হয়েছে। কারও বিরুদ্ধে মামলাও হয়েছে।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তেন মং জানান, যেসব ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক ও প্রাইভেট হাসপাতালসহ যেসব প্রতিষ্ঠান সরকারি বিধিবিধান মানছেন না, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এদিকে সিভিল সার্জনের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান। তিনি জানান, শীঘ্রই সরকারি বিধিবিধান অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

উল্লেখ্য, কলাপাড়া উপজেলায় বেসরকারি ব্যবস্থাপনায় বর্তমানে একটি হাসপাতাল, একটি ক্লিনিক ও প্রায় ৩০টি ডায়াগনস্টিক সেন্টার পরিচালিত হচ্ছে। এসব প্রতিষ্ঠানের কার্যক্রমে সরকারি নিয়মকানুন যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। সংশ্লিষ্ট মহলের মতে, জনস্বাস্থ্য ও চিকিৎসাসেবার মান নিশ্চিত করতে এসব প্রতিষ্ঠানের লাইসেন্স, প্রয়োজনীয় জনবল, চিকিৎসা সরঞ্জাম এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্ধারিত শর্তাবলি নিয়মিত তদারকি করা জরুরি।


বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :