বাংলাদেশি ৩৫ কর্মকর্তাকে আতিথেয়তা দিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০৩:৩০:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০৩:৩৪:৫২ অপরাহ্ন
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দার বাংলাদেশের ৩৫ জন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাকে আতিথেয়তা দিয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ থেকে যাওয়া কর্মকর্তাদের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন তিনি।

বাংলাদেশি কর্মকর্তাদের এই প্রতিনিধিদলটি ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’-এর আওতায় আয়োজিত একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে পাকিস্তান সফর করছে। দেশটির ন্যাশনাল স্কুল অব পাবলিক পলিসির (এনএসপিপি) এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ‘এক্সিকিউটিভ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম’ শীর্ষক এ প্রশিক্ষণের আয়োজন করেছে। এতে বাংলাদেশের ৩৫ জন জ্যেষ্ঠ সিভিল সার্ভেন্ট অংশ নিচ্ছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানান ইসহাক দার। এ সময় তিনি পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দু’দেশের সাংস্কৃতিক নৈকট্যের বিষয়টি তুলে ধরেন। পাশাপাশি দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সাম্প্রতিক ইতিবাচক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন তিনি।

ইসহাক দার বলেন, পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সদিচ্ছার ভিত্তিতে পাকিস্তান বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ। দু’দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নিতে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

বাংলাদেশি কর্মকর্তাদের এই সফরের প্রসঙ্গ তুলে ধরে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’-এর গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, শিক্ষা, পেশাগত প্রশিক্ষণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, ‘এক্সিকিউটিভ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম’ দু’দেশের জনপ্রশাসন ও সুশাসনসংক্রান্ত অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের ও পাকিস্তানের সরকারি কর্মকর্তাদের মধ্যে পেশাগত যোগাযোগ বাড়বে এবং দীর্ঘমেয়াদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাংলাদেশি প্রতিনিধিদলের সদস্যদের পাকিস্তানে অবস্থান ফলপ্রসূ ও স্মরণীয় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ইসহাক দার। তিনি আশা প্রকাশ করেন, প্রশিক্ষণ কর্মসূচি থেকে অর্জিত অভিজ্ঞতা ও পারস্পরিক যোগাযোগ দু’দেশের কর্মকর্তাদের পেশাগত ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :