​ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে, কমিউনিটি ক্লিনিক হচ্ছে ওয়ান-স্টপ স্বাস্থ্যসেবা কেন্দ্র

আপলোড সময় : ১৭-১১-২০২৬ ০৮:০৬:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১১-২০২৬ ০৮:০৯:৩১ অপরাহ্ন
সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা বিনামূল্যে করা হচ্ছে। পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিকগুলোকে ‘প্রাইমারি হেলথ কেয়ার হাব’ বা ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার। এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের তারকাচিহ্নিত ও সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলামের প্রশ্নের জবাবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ওয়ার্ড পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলোকে প্রাইমারি হেলথ কেয়ার হাব ও ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব কেন্দ্রে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি) মা ও শিশুস্বাস্থ্য, পুষ্টি এবং ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো অসংক্রামক রোগের প্রাথমিক শনাক্তকরণে কাজ করছেন।

সংসদ সদস্য মুসাম্মৎ শাম্মী আক্তারের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অনুমোদিত পদ রয়েছে ১৩ হাজার ৩৬টি। এর মধ্যে ৬ হাজার ৭৪৮টি পদে চিকিৎসক কর্মরত আছেন। শূন্য রয়েছে ৬ হাজার ২৮৮টি পদ। এসব শূন্য পদ পূরণে ইতিমধ্যে চার হাজারের বেশি চিকিৎসক নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে।

উপজেলা পর্যায়ে নবনিযুক্ত চিকিৎসকদের ধরে রাখার বিষয়ে তিনি বলেন, নতুন চিকিৎসকদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে বাধ্যতামূলকভাবে পদায়ন করা হয়। সরকারি বিধি অনুযায়ী, চাকরির দুই বছর পূর্ণ হওয়ার আগে তাঁদের অন্যত্র বদলি বা ডেপুটেশনে যাওয়ার সুযোগ নেই। দুই বছর পর উচ্চশিক্ষার জন্য শিক্ষা ছুটি বা ডেপুটেশনে যাওয়ার সুযোগ রয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ইতিমধ্যে প্রায় এক হাজার চিকিৎসককে উপজেলা পর্যায়ে পদায়ন করা হয়েছে।

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকারের প্রস্তুতির কথা তুলে ধরে আন্তর্জাতিক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. এম এ মুহিত বলেন, ডেঙ্গু মৌসুম শুরুর তিন থেকে চার মাস আগে থেকেই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে লার্ভা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে। সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা বিনামূল্যে করার ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি আরও জানান, ডেঙ্গু চিকিৎসার সক্ষমতা বাড়াতে গত দুই মাসে দুই হাজার চিকিৎসককে ‘ডেঙ্গু ম্যানেজমেন্ট’ বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের অনিয়ম প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, নিয়মবহির্ভূত ও লাইসেন্সবিহীন ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। নিয়মিত অভিযানে লাইসেন্সবিহীন প্রতিষ্ঠান পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে বন্ধ বা সিলগালা করা হচ্ছে।

স্বাস্থ্য খাতের তদারকি জোরদার করতে নতুন নীতিমালা প্রণয়ন এবং পুরোনো বিধিমালা হালনাগাদ করা হচ্ছে বলেও জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, আগে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স প্রতিবছর নবায়ন করতে হতো। এতে দীর্ঘসূত্রতা তৈরি হতো। সেবা সহজীকরণ ও মান নিয়ন্ত্রণের স্বার্থে এখন থেকে প্রতি দুই বছর পরপর লাইসেন্স নবায়নের ব্যবস্থা করা হয়েছে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :