প্রস্তুত রূপপুর, পরীক্ষামূলক গ্রিডে যুক্ত হতে পারে মঙ্গলবার

আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০৯:৪৭:১০ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০৯:৪৮:৩৪ অপরাহ্ন
দেশের বিদ্যুৎ উৎপাদনে নতুন অধ্যায়ের অপেক্ষা শেষ হতে যাচ্ছে। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার (১৭ নভেম্বর) কয়েক ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত হবে কেন্দ্রটি। এ সময় সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে। এর মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে প্রথমবারের মতো বাস্তব ধাপে প্রবেশ করবে বাংলাদেশ।

প্রকল্পসংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, পরীক্ষামূলক সংযোগের পর কেন্দ্রটি গ্রিড থেকে বিচ্ছিন্ন করে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে। সবকিছু ঠিক থাকলে আগামী ২১ নভেম্বর আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরুর পরিকল্পনা রয়েছে। তবে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে সময়সূচি পরিবর্তন হতে পারে। 

প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, গত রোববার প্রথম ইউনিটকে গ্রিডে যুক্ত করার প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু কম্পনের মাত্রা নির্ধারিত সীমার মধ্যে না থাকায় তা পিছিয়ে যায়। পরে কম্পন সহনীয় পর্যায়ে নেমে আসায় নতুন করে সংযোগের প্রস্তুতি নেওয়া হয়েছে।

বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়রা) চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর আগে তাদের অনুমোদন নিতে হবে। সব ধরনের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরই এ অনুমোদন দেওয়া হবে।

পরমাণু শক্তি কমিশনের দুই কর্মকর্তা জানান, রিঅ্যাক্টর, টারবাইনসহ গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির সক্ষমতা যাচাই ও প্রয়োজনীয় পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষামূলক সংযোগের মাধ্যমে গ্রিডের সঙ্গে বিদ্যুৎকেন্দ্রের সমন্বয় ও কারিগরি বিষয়গুলো যাচাই করা হবে। তাদের পরিকল্পনা অনুযায়ী, ২১ নভেম্বর চূড়ান্তভাবে গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম রোববার বলেন, ‘বিদ্যুতের জাতীয় গ্রিড প্রস্তুত। রূপপুরের বিদ্যুৎ গ্রিডে যুক্ত করার সময় আমাদের একজন প্রতিনিধি উপস্থিত থাকার কথা বলা হয়েছে। সেই প্রস্তুতি নিয়ে রেখেছি।’

বিদ্যুৎ সঞ্চালনের দায়িত্বে থাকা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আব্দুল মোনায়েম চৌধুরী বলেন, ‘রোববার রাত ১১টার দিকে আমাকে জানানো হয়, রাত ১২টার পর যেকোনো সময় রূপপুরের বিদ্যুৎ গ্রিডে যুক্ত হতে পারে। এ ধরনের বিদ্যুৎকেন্দ্র চালু করতে অনেক পরীক্ষা-নিরীক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে হয়। তাই আগে থেকে নির্দিষ্ট সময় বলা কঠিন। তবে যখনই বিদ্যুৎ গ্রিডে যুক্ত হোক, আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। আমরা চাই দ্রুত এখান থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হোক।' সূত্র : সমকাল

বাংলা স্কুপ /ডেস্ক /এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :