​জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় খালেদা জিয়ার স্বপ্ন: শিক্ষামন্ত্রী

আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০৭:১০:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০৭:১৫:৫৪ অপরাহ্ন
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়—এটা খালেদা জিয়ার স্বপ্ন।’ সোমবার (১৬ নভেম্বর) সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মুক্তমঞ্চে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষাখাতের চ্যালেঞ্জ ও নিজেদের সফলতার চিত্র তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাকে এই মন্ত্রণালয়ের দায়িত্বে বসানোর পর থেকে মনে হয়েছিল, আমরা একটি গাড়িতে বসে সামনের দিকে যাচ্ছি না, পেছনের দিকে যাচ্ছি। তবে দেশব্যাপী শিক্ষার মানোন্নয়নে যা যা করার তা করা হচ্ছে। আপনারা দেখেছেন, আমরা দায়িত্ব পাওয়ার পর প্রশ্নপত্র আর ফাঁস হয়নি।’

নবীন শিক্ষার্থীদের যুগোপযোগী ও মানসম্মত শিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের তরুণ প্রজন্মকে বুঝতে হবে, সামনে প্রতিযোগিতাপূর্ণ বিশ্ব। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের শিক্ষার্থীদের প্রস্তুতি নিতে হবে, গতানুগতিক ধারা থেকে বেরিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের এআই-বেইজড হলে হবে না, নলেজ-বেইজড হতে হবে।’

কারিগরি শিক্ষার উন্নয়নের ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটকে রেপ্লিকা অব চায়না পলিটেকনিক ইনস্টিটিউটের মতো আধুনিকীকরণ করবো ৬ মাসের মধ্যে।’

শিক্ষামন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ের চলমান নানা সংকট দ্রুত নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়ে বলেন, ‘বরিশাল বিশ্ববিদ্যালয় একটি বিভাগীয় বিশ্ববিদ্যালয়। এখানকার অবকাঠামো উন্নয়নের জন্য ইতোমধ্যে একাডেমিক ভবন ও অডিটোরিয়ামের বাজেট প্রস্তুত করা হয়েছে। চলতি বছরেই কাজ শুরু হবে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্যতম দাবি আবাসিক হল। হলের ব্যাপারটা একটু দেরি হবে। চলতি বছরে হচ্ছে না, আগামী বাজেটে হল বাস্তবায়ন হবে।’

বিশ্ববিদ্যালয়ের আয়তন বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, ‘বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার শিক্ষার্থীর জন্য ৫০ একরের ক্যাম্পাস খুবই ছোট। তাই এখানে আরও ৫০ একর দরকার। এ ব্যাপারে উদ্যোগ নিতে আমি বিভাগীয় কমিশনার সাহেবকে বলে গেলাম।’

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :