স্বাদ ও ঐতিহ্যের মেলবন্ধন মহিষের দুধের বিখ্যাত টক দই

আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০৩:০৪:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০৩:০৮:১৫ অপরাহ্ন
বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় জনপদ দ্বীপ জেলা ভোলা। মেঘনা ও তেঁতুলিয়ার কোলে জেগে আছে এই দ্বীপ। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি জেলাটি দেশজুড়ে একটি সুস্বাদু ও ঐতিহ্যবাহী খাবারের জন্য বিশেষভাবে পরিচিত। আর তা হলো ভোলার মহিষের দুধের বিখ্যাত টক দই। ঈদ, বিয়ের অনুষ্ঠান এবং যে কোনো উৎসব আয়োজনে মহিষের দই থাকে খাবারের মূল আর্কষণ হিসেবে। প্রায় ২০০ বছর ধরে স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য ও গ্রামীণ অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই দইয়ের নাম।

ভোলার টক দইয়ের স্বকীয়তার মূল রহস্য লুকিয়ে আছে এর খাঁটি উপাদান এবং প্রথাগত প্রস্তুতি পদ্ধতি। গাভির দুধের তুলনায় মহিষের দুধে ফ্যাট ও প্রোটিনের পরিমাণ অনেক বেশি থাকে। ভোলার চরাঞ্চলে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা ঘাস খাওয়া মহিষের দুধের পুষ্টিগুণ ও স্বাদ একেবারেই অনন্য।

এই দই জমানোর জন্য ব্যবহার করা হয় বিশেষ আকৃতির পোড়ামাটির হাঁড়ি বা সরা। মাটির পাত্র দুধের অতিরিক্ত আর্দ্রতা শুষে নেয়। দইকে দীর্ঘ সময় ঠান্ডা ও প্রাকৃতিকভাবে তাজা রাখে। কৃত্রিম কোনো রাসায়নিক ছাড়াই নির্দিষ্ট তাপমাত্রায় দীর্ঘ সময় ধরে ঐতিহ্যবাহী পদ্ধতিতে এ দই জমানো হয়। ফলে এতে একধরনের প্রাকৃতিক টকভাব ও সোঁদা মাটির সুবাস তৈরি হয়, যা একে সাধারণ দই থেকে সম্পূর্ণ আলাদা করে তোলে।

শুধু স্বাদের দিক থেকেই নয়, পুষ্টিবিদদের মতেও মহিষের দুধের টক দই স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। প্রচুর পরিমাণে প্রোটিন ও ক্যালসিয়াম রয়েছে এই টক দইয়ে। এ দই হাড় ও দাঁতের গঠনে এবং পেশি শক্তিশালী করতে অত্যন্ত কার্যকরী। এ দইয়ে উপকারী ব্যাকটেরিয়া রয়েছে। প্রাকৃতিক প্রোবায়োটিক হজমশক্তি বাড়াতে এবং অন্ত্রের সুরক্ষায় দারুণ ভূমিকা রাখে। কম কোলেস্টেরল ও শক্তিবর্ধক এ দই শারীরিক কর্মক্ষমতা বাড়াতে, ক্লান্তি দূর করতে জাদুর মতো কাজ করে।

ভোলার চরাঞ্চল এবং প্রত্যন্ত গ্রামের গোয়ালা ও রাখাল পরিবারগুলোর জীবিকার অন্যতম প্রধান উৎস মহিষ পালন ও দই তৈরি। প্রজন্মের পর প্রজন্ম ধরে যারা এই শিল্পকে বাঁচিয়ে রেখেছেন, তাদের মধ্যে একজন রাখাল কবির হোসেন। তিনি বলেন, বছরের ১২ মাসেই মহিষ থেকে দুধ পাই। এই দুধ স্থানীয় কারিগরদের দিয়ে ও দ্বীপের গণ্ডি পেরিয়ে পৌঁছে যাচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে। বিয়ে, সামাজিক অনুষ্ঠান কিংবা উৎসব-পার্বণে ভোলার টক দইয়ের কদর সব সময়ই শীর্ষে।

স্থানীয় হাসমত আলী জানান, ভোলা বাংলাদেশের বৃহত্তম দ্বীপ। এখানে ছোট-বড় বহু চর রয়েছে। যেখানে মহিষ পালন করা অনেকটা সুবিধাজনক। প্রায় ২০০ বছরের বেশি সময় ধরে এ মহিষের দুধের দইয়ের সুনাম রয়েছে এ জেলার।

দইয়ের কারিগর মো. নুরুজ্জামান বলেন, ‘আসলে এ দই তৈরিতে তেমন কোনো কেরামতি নেই। এটা কঠিন কোনো বিষয় না। একটু খেয়াল করলেই দই তৈরি করা সম্ভব। প্রথমে একটি মাটির পাত্র (টালি) পরিষ্কার করে নিতে হবে। এরপর দুধ ভালোভাবে ছেকে মাটির পাত্রে স্থির জায়গায় রেখে দিলে হয়ে যাবে মুখরোচক টক দই। গরমের দিনে ৭ থেকে ৮ ঘণ্টা এবং শীতের দিনে ১০ থেকে ১২ ঘণ্টা সময় লাগে দই তৈরিতে।’

ভোলা পৌর শহরের ঘোষপট্টি মহিষের দুধের দইয়ের প্রধান প্রাণকেন্দ্র। এ ছাড়া জেলার প্রায় সব বাজারে পাওয়া যায়। দেড় লিটারের হাড়ি ১৫০ থেকে ৩০০ টাকা এবং দুই লিটারের হাড়ির দাম ২০০ থেকে ৪০০ টাকা। অবশ্য দুধের দামের ওপর দইয়ের বাজার ওঠা-নামা করে।

বাংলার ঐতিহ্যবাহী এই খাবার আজ কিছু চ্যালেঞ্জের মুখেও পড়ছে। আধুনিক বিজ্ঞাপনের যুগে খাঁটি মহিষের দুধের জোগান কমে যাওয়া, উৎপাদন খরচ বৃদ্ধি এবং বাজারে নকল বা ভেজাল দইয়ের প্রাদুর্ভাব এই ঐতিহ্যকে হুমকির মুখে ফেলছে। তবে গত বছর ভোলার মহিষের দুধের দইকে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, যা এই সুস্বাদু খাবারকে যুগ যুগ ধরে টিকে থাকার সুযোগ করে দেবে। এছাড়া কারিগরদের জন্য সহজ শর্তে ঋণ এবং আধুনিক প্রযুক্তির সহায়তা প্রদান করা গেলে ঐতিহ্য বজায় রেখেই উৎপাদন ও বাজারজাতকরণ আরো প্রসারিত করা যাবে বলে মনে করেন স্থানীয়রা।

ভোলার মহিষের দুধের টক দই কেবল একটি খাবার নয়, এটি উপকূলীয় মানুষের জীবনযাত্রা, শিল্প এবং সংস্কৃতির এক জীবন্ত দলিল। এই ঐতিহ্য টিকিয়ে রাখা মানে আমাদের গ্রামীণ সংস্কৃতির শেকড়কে বাঁচিয়ে রাখা।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :