​হত্যাচেষ্টা মামলায় মমতাজ ও সাবেক স্বামীকে গ্রেপ্তার দেখানোর আদেশ

আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০২:৪৬:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০২:৪৭:৩৯ অপরাহ্ন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে রাজধানীর মিরপুর মডেল থানায় করা হত্যা ও হত্যাচেষ্টা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম এবং তার সাবেক স্বামী রমজান আলী মাদবরকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মিরপুর মডেল থানায় দায়ের করা ওমর ফারুক শাকিল হত্যা-চেষ্টা মামলায় মমতাজ বেগম ও রমজান আলী মাদবরকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুল ইসলাম।

আবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট সকাল ১১টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরের ফলপট্টি এলাকায় গুলিবর্ষণের ঘটনায় ওমর ফারুক শাকিল গুলিবিদ্ধ হন। পরে তাকে আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নেওয়া হয়।

সেখানে চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়।

এ মামলায় আসামিদের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ভার্চ্যুয়ালি আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

উল্লেখ্য, সংগীতশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে ২০২৫ সালের ১২ মে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :