​সোনার তৈরি সবচেয়ে দামি শার্টের বিশ্বরেকর্ড

আপলোড সময় : ১৬-১১-২০২৬ ১২:৪৪:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১১-২০২৬ ১২:৪৪:০৭ অপরাহ্ন
ভারতের মহারাষ্ট্রের ব্যবসায়ী ও রাজনীতিবিদ পঙ্কজ পারখ। বন্ধুরা তাকে ডাকেন ‘দ্য ম্যান উইথ দ্য গোল্ডেন শার্ট’ (সোনার শার্ট পরা ব্যক্তি) বলে। তবে শুধু বন্ধুমহলেই নয়, তার এই সোনাপ্রীতি নাম লিখিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসেও।

প্রায় একযুগ আগে সোনার তৈরি সবচেয়ে দামি শার্টের মালিক হিসেবে গিনেসে নাম লেখান তিনি। সেই রেকর্ড অক্ষুণ্ন রয়েছে আজও।

২০১৪ সালের দর অনুযায়ী, ৪ দশমিক ১০ কেজি ওজনের শার্টটির দাম ছিল ৯৮ লাখ ৩৫ হাজার ৯৯ রুপি (১ লাখ ৬১ হাজার ৩৫৪ মার্কিন ডলার)। কিন্তু বর্তমান বাজারমূল্য হিসাব করলে এর দাম চার থেকে পাঁচ কোটি রুপি হওয়ার কথা।

এই শার্টের সঙ্গে রয়েছে সোনার তৈরি আরও নানা অনুষঙ্গ—যেমন সোনার ঘড়ি, বেশ কয়েকটি সোনার চেইন, বড় বড় সোনার আংটি, সোনার মোবাইল কভার এবং সোনার ফ্রেমের চশমা। সব মিলিয়ে এই বিলাসবহুল সামগ্রীগুলোর মোট ওজন দাঁড়ায় প্রায় ১০ কেজি!

শার্টটির নকশা করেছে নাসিকের ‘বাফনা জুয়েলার্স’ এবং তৈরি করেছে মুম্বাইয়ের পারেলের ‘শান্তি জুয়েলার্স’। ২০ জন বাছাই করা কারিগরের একটি দল দুই মাস ধরে ৩ হাজার ২০০ ঘণ্টা ব্যয় করে ১৮-২২ ক্যারেট খাঁটি সোনার সুতো দিয়ে পোশাকটি তৈরি করে।

পারখ জানান, সোনা দিয়ে তৈরি হলেও এই শার্টটি সম্পূর্ণ নমনীয় ও আরামদায়ক। এটি অত্যন্ত মসৃণ এবং শরীরের কোনো ক্ষতি করে না। এর ভেতরে পাতলা কাপড়ের আস্তর দেওয়া আছে, যাতে ত্বকে ঘষা না লাগে বা কোনো সমস্যা না হয়। এটি ধোয়া যায়, এমনকি মেরামতও করা সম্ভব। আর এর সঙ্গে রয়েছে আজীবন গ্যারান্টি।

সূত্র: হিন্দুস্তান টাইমস, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :