শীতে ত্বক ফাটার ঝুঁকি কমাতে মেনে চলুন ১০ সহজ নিয়ম

আপলোড সময় : ১৬-১১-২০২৬ ১২:৩০:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১১-২০২৬ ১২:৩০:২৬ অপরাহ্ন
শীতের শুষ্ক বাতাস, কম আর্দ্রতা এবং ঘরের উষ্ণ পরিবেশ ত্বকের স্বাভাবিক আর্দ্রতা কমিয়ে দিতে পারে। এতে ত্বকে টানটান ভাব, চুলকানি, খসখসে ভাব, ফাটল কিংবা লালচে দাগ দেখা দেয়। দীর্ঘ সময় গরম পানিতে গোসল এবং কড়া সাবান ব্যবহারের অভ্যাস এ সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে।

ত্বক সুস্থ রাখতে শীতকালে প্রথমেই মৃদু ও সুগন্ধিবিহীন ক্লিনজার ব্যবহার করা উচিত। মুখ ধোয়া বা গোসলের পর ত্বক পুরোপুরি শুকিয়ে যাওয়ার আগেই ঘন ক্রিম বা মলমজাতীয় ময়েশ্চারাইজার লাগাতে হবে। গ্লিসারিন, হায়ালুরোনিক অ্যাসিড, শিয়া বাটার, মিনারেল অয়েল বা পেট্রোলিয়াম জেলিযুক্ত উপাদান শুষ্ক ত্বকে সহায়ক হতে পারে।

গোসলের পানি কুসুম গরম রাখা এবং সময় পাঁচ থেকে ১০ মিনিটের মধ্যে সীমিত করা ভালো। তোয়ালে দিয়ে ত্বক ঘষে না মুছে আলতোভাবে পানি শুষে নিতে হবে। শীতকালেও মুখ, গলা ও হাতে এসপিএফ ৩০ বা তার বেশি মাত্রার ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিন ব্যবহার জরুরি।

এ ছাড়া ঘরে হিউমিডিফায়ার ব্যবহার, পর্যাপ্ত পানি পান, হাত ধোয়ার পর হ্যান্ড ক্রিম লাগানো এবং ঠোঁটে লিপ বাম ব্যবহারের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। উলের পোশাক সরাসরি ত্বকে না পরে ভেতরে সুতির পোশাক পরা উচিত। মৃত কোষ পরিষ্কারে অতিরিক্ত স্ক্রাব ব্যবহার না করে মৃদু উপাদান বেছে নিতে হবে।

নিয়মিত যত্নের পরও ত্বক অতিরিক্ত শুষ্ক, ফাটা, ব্যথাযুক্ত বা প্রদাহগ্রস্ত হলে একজিমা বা অন্য কোনো সমস্যার সম্ভাবনা থাকতে পারে। এমন ক্ষেত্রে নিজে থেকে ওষুধ না নিয়ে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :