জলবায়ু মোকাবিলায় তাইওয়ানে ফিরছে হারানো শস্য ‘দিল’

আপলোড সময় : ১৫-১১-২০২৬ ০৭:৪৫:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১১-২০২৬ ০৭:৪৫:২৬ অপরাহ্ন
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রতিকূল পরিবেশে টিকে থাকতে সক্ষম ফসলের গুরুত্ব বাড়ছে। এমন পরিস্থিতিতে তাইওয়ানে প্রায় হারিয়ে যাওয়া প্রাচীন শস্য ‘দিল’ বা অয়েল মিলেটের চাষ পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছেন এক কৃষক ও তাঁর পরিবার। গত ১০ বছর ধরে তাঁরা শস্যটির চাষের পাশাপাশি বীজ সংরক্ষণ করে আসছেন।

দক্ষিণ-পূর্ব তাইওয়ানের তাইতুং কাউন্টির বুকলাভু এলাকায় বৃদ্ধ বাবা-মাকে সঙ্গে নিয়ে এ উদ্যোগ চালিয়ে যাচ্ছেন কৃষক বানু ইসমাহাসান। বনুন আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকা এ শস্যের ইংরেজি নাম অয়েল মিলেট। এটি তাইওয়ানের নিজস্ব উদ্ভিদ, যা পাহাড়ি অঞ্চলে প্রাকৃতিকভাবেও জন্মে।

প্রায় ৬০ বছর আগে ধানের সহজলভ্যতা বাড়তে থাকায় জমিতে অয়েল মিলেটের চাষ প্রায় বন্ধ হয়ে যায়। পরে ইন্টারনেটে শস্যটি সম্পর্কে জানতে পেরে আগ্রহী হয়ে ওঠেন বানু। এ বিষয়ে তথ্য পেতে তিনি পুরোনো নথিপত্র ঘাঁটেন এবং স্থানীয় প্রবীণদের সঙ্গে কথা বলেন। তাঁদের একজন জানান, প্রায় ৫০ বছর আগে তিনি সর্বশেষ এই শস্য খেয়েছিলেন।

দুর্যোগে খাদ্যের বিকল্প

একসময় বনুন জনগোষ্ঠীর মানুষ প্রধান ফসল ফক্সটেইল মিলেটের পাশাপাশি অয়েল মিলেটও চাষ করতেন। কোনো কারণে ফসল নষ্ট হলে কিংবা প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে বিকল্প খাদ্য হিসেবে ব্যবহারের জন্য শস্যটি সংরক্ষণ করা হতো।

বানু জানান, একটি বীজ থেকে ১৫ থেকে ২০টি শিষ জন্মাতে পারে। গাছ কাটার পরও গোড়া থেকে নতুন কাণ্ড গজায়। অন্যদিকে ফক্সটেইল মিলেটের গাছে সাধারণত একটি শিষ ধরে। ফসল কাটার পর নতুন করে বীজ বপন করতে হয়।

২ দশমিক ২ হেক্টর জমিতে অয়েল মিলেট চাষ করে বানু দেখেছেন, অন্যান্য ফসলের তুলনায় এটি প্রতিকূল পরিবেশে বেশি টিকে থাকতে পারে। কয়েক বছর আগে টানা ২০০ দিনেরও বেশি সময় খরা চললেও গাছগুলো সবুজ ছিল। এ ছাড়া ঘূর্ণিঝড়, বন্যা ও মরিচা রোগেও শস্যটির তেমন ক্ষতি হয়নি বলে জানিয়েছেন তিনি।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সম্ভাবনা

তাইওয়ানের গবেষণা প্রতিষ্ঠান অ্যাকাডেমিয়া সিনিকার সাবেক অধ্যাপক ও উদ্ভিদ জিনতত্ত্ব বিশেষজ্ঞ সিন ইউয়ে-ইর নেতৃত্বে একটি গবেষক দল দক্ষিণ-পূর্ব তাইওয়ানের পাহাড়ি এলাকায় অয়েল মিলেটের সন্ধান পায়।

গবেষণায় দেখা গেছে, বীজের ওপর থাকা মোমের মতো সুরক্ষামূলক আবরণ শস্যটিকে প্রতিকূল পরিবেশে টিকে থাকতে সহায়তা করে। অনুর্বর মাটিতেও সেচ, সার কিংবা কীটনাশক ছাড়াই এটি জন্মাতে পারে।

অয়েল মিলেটে তেল, প্রোটিন ও বিভিন্ন খনিজ উপাদান রয়েছে। মানুষের খাদ্য হিসেবে ব্যবহারের পাশাপাশি পশুখাদ্য ও জ্বালানি তৈরিতেও শস্যটি কাজে লাগানো সম্ভব।

বানুর পরিবার বছরে দুইবার অয়েল মিলেট সংগ্রহ করে। তবে এ শস্যের চাষে শ্রম বেশি প্রয়োজন হয়। পাশাপাশি ধানের তুলনায় এর দামও বেশি। এসব কারণে অন্য কৃষকদের অয়েল মিলেট চাষে আগ্রহী করে তোলা কঠিন হয়ে পড়ছে।

ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অয়েল মিলেটের জিনগত বৈচিত্র্য ও প্রতিকূল পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতাকে গুরুত্বপূর্ণ মনে করছে তাইওয়ানের ন্যাশনাল প্ল্যান্ট জেনেটিক রিসোর্সেস সেন্টার। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শস্যটির বীজ সংরক্ষণ করছে।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :