ব্যবসা ছেড়ে গড়ো তোলেন মুরাাগির খামার

ডিম থেকেই শহিদুলের মাসে আয় ৯ লাখ

আপলোড সময় : ১৩-১১-২০২৬ ০২:৪৪:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১১-২০২৬ ০২:৪৪:৫৩ অপরাহ্ন
একসময় স্থানীয় বাজারে মুদি দোকানদার ছিলেন শহিদুল। বেচাকেনায় সংসার চলত কোনোরকমে,  কিন্তু ছিল না সচ্ছলতা।

মনে হতো, জীবনটাকে এভাবে চলতে দেওয়া যাবে না, নিজের মতো করে কিছু একটা গড়ে তুলতে হবে। 

এমন ভাবনা থেকেই ছোট একটি মুরগির খামার গড়ে তোলেন তিনি। সেই খামারই সাফল্য এনে দিয়েছে নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের পেড়লী গ্রামের বাসিন্দা শহিদুল শেখকে। তিনি ওই গ্রামের মোসলেম শেখের ছেলে।

খামার থেকে এখন শুধু ডিম বিক্রি করেই মাসে প্রায় ৯ লাখ টাকা আয় করেন শহিদুল। এ ছাড়া ১৮ মাস পর মুরগির ডিমপাড়া শেষে মাংস বিক্রি করেন প্রায় ৯ লাখ টাকার। 
 
শহিদুল জানান, ২০০৭ সালে স্থানীয় পেড়লী বাজারে মুদি দোকানে ব্যবসা করতেন তিনি। ব্যবসায় সংসার চলতো কোনোরকমে, কিন্তু স্বচ্ছলতা ছিল না।

একপর্যায়ে ভাগ্য বদলাতে ২০১৩ সালে মুদি দোকান ছাড়েন, গড়ে তোলেন   অ্যাগ্রো ফার্ম। শুরুতেই ফার্মে তোলেন তিন হাজার লেয়ার (পোল্ট্রি) মুরগি। 

প্রথম বছর লাভ ভালো হওয়ায় খামার বড় করার সিদ্ধান্ত নেন শহিদুল। বর্তমানে ছয় একর জমিতে তিনতলা পাকা ভবনে চলছে তার খামার। মুরগির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার।

প্রতিদিন ডিম বিক্রি হয় প্রায় চার হাজার, যা থেকে মাসে আয় প্রায় ৯ লাখ টাকা।

শহিদুলের ভাষ্য, আমার ইচ্ছা ছিল উদ্যোক্তা হবো। মুদি ব্যবসা ছেড়ে প্রাথমিকভাবে একতলা ঘরে মুরগির শেড নির্মাণ করে সেখানে তিন হাজার মুরগি দিয়ে শুরু করি ফার্ম। তিন হাজার থেকে ধীরে ধীরে বেড়ে মুরগির সংখ্যা এখন ৯ হাজারে দাঁড়িয়েছে। আমার ফার্মে এখন কাজ করছেন ১২ জন কর্মচারী।’

শহিদুল বলেন, খামারে যে ডিম হয়, সেটি স্থানীয় গ্রামের চাহিদা পূরণ করে শহরে বিক্রি করি। আর ১৮ মাস পর বিক্রি করি মাংস। গ্রামের মানুষ এখান থেকে পাইকারি দামে ডিম ও মাংস  কিনে খেতে পারে। আঠারো মাস পর ৯ লাখ টাকার মাংস বিক্রি করি। এ ছাড়া প্রতি মাসে প্রায় ৯ লাখ টাকার ডিম বিক্রি করি। 

শহিদুল জানান, কম্পানির কাছ থেকে প্রতিটি বাচ্চা ৬০ টাকা দরে কিনে আনা হয়। বাচ্চাগুলো তিন মাস পর ডিম দেয়, চলে ১৮ মাস পর্যন্ত। 

শহিদুলের খামারে কাজ করেন খুলনার কয়রা গ্রামের মুজিবর সানা। টানা পাঁচ বছর ধরে কর্মরত মুজিবর বলেন, ‘পাঁচ বছর ধরে এখানে কাজ করছি। যে বেতন পাই, তা দিয়ে সংসার চলে যায়। এখানে একসঙ্গে আমরা ১২ জন কাজ করি। 

এদিকে, খামারের ডিম ও মাংস বিক্রিতেও কোনো ভোগান্তি নেই বলে জানান শহিদুল। খামার থেকেই স্থানীয় বাজারের দোাকনিরা পাইকারি মূল্যে ডিম কিনে কেনেন। ক্রেতাদের চাহিদা অনুযায়ী মুরগির ডিম-মাংস সরবরাহ করা হয়। শহিদুলের দেখাদেখি অনেকেই মুরগির ফার্মের ব্যাপারে আগ্রহী হচ্ছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

শহিদুলের এমন উদ্যোগের প্রশংসা করে নড়াইল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাশেদুল হক বলেন, জেলায় ডিম ও মাংসের চাহিদা পূরণে শহিদুলের খামার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তার খামারের ডিম ও মাংস  স্থানীয় বাজারের চাহিদা পূরণ করে বাইরের জেলায় বিক্রি হচ্ছে। তার খামারে কর্মসংস্থানেরও ব্যবস্থা হয়েছে। 

প্রাণিসম্পদ কর্মকর্তা আরো বলেন, শহিদুলের উদ্যোগ দেশের অর্থনীতিতে অবদান রাখছে। আমরা কয়েকবার তার খামার পরিদর্শন করেছি। জেলা প্রাণিসম্পদ কার্যালয়  থেকে তার খামারের মুরগিকে ভ্যাকসিন দেওয়াসহ  নিয়মিত পরামর্শ দেওয়া হয়।’ 
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :