এক নজরে জেনসেন হুয়াংয়ের উত্থান-পতন

টয়লেট পরিষ্কার থেকে সাড়ে ৪ ট্রিলিয়ন ডলারের সাম্রাজ্য

আপলোড সময় : ১৩-১১-২০২৬ ১২:১২:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১১-২০২৬ ১২:১২:০৭ অপরাহ্ন
দীর্ঘ ৩৩ বছর ধরে জেনসেন হুয়াং এবং এনভিডিয়া ছিল এক ও অভিন্ন নাম। কিন্তু বৃহস্পতিবার সকালে সেই বন্ধন ছিন্ন হলো। দুই বন্ধুকে সঙ্গে নিয়ে এবং পকেটে মাত্র ৪০ হাজার ডলার পুঁজি নিয়ে সাধারণ এক রেস্তোরাঁর টেবিলে বসে যে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু করেছিলেন ৬৩ বছর বয়সি এই সহপ্রতিষ্ঠাতা, সাড়ে চার ট্রিলিয়ন ডলারের সেই বিশাল সাম্রাজ্য এবং পরিচালনা পর্ষদ থেকে অবশেষে তিনি সরে দাঁড়ালেন। অবশ্য এনভিডিয়া তার এই বিদায়ের কোনো কারণ জানায়নি।

এই আকস্মিক প্রস্থানের নেপথ্যে রয়েছে এক ঝড়ো অধ্যায়। প্রকাশ্যে মাত্র ১৪ দিন ধরে এই বিতর্ক চললেও ভেতরে ভেতরে এর আগুন জ্বলছিল অনেক আগে থেকেই। একটি বিবাহবহির্ভূত সম্পর্ক শেষ পর্যন্ত রূপ নেয় জাতীয় নিরাপত্তার প্রশ্নে। মার্কিন কর্মকর্তাদের বিশ্বাস, যে নারীর সঙ্গে হুয়াংয়ের সম্পর্ক ছিল, তিনি চীনা গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতেন। তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযোগকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন এবং চীনকে কালিমালিপ্ত করার উদ্দেশ্যপ্রণোদিত চেষ্টা’ বলে উড়িয়ে দিয়েছে।

বৃহস্পতিবার সকালে এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদ ও পরিচালনা পর্ষদ ছাড়েন ৬৩ বছর বয়সি জেনসেন হুয়াং। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন বলছে, দুই সপ্তাহ ধরে বিষয়টি প্রকাশ্যে এলেও পর্দার আড়ালে এই সংকট ঘনীভূত হচ্ছিল আরও অনেক আগে থেকে।

১৯৬৩ সালে তাইপেতে জেন-সুন নামে জন্ম নেন হুয়াং। শৈশবের কিছু সময় থাইল্যান্ডে কাটানোর পর পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। উচ্চারণের সুবিধার্থে সেখানে নিজের নাম বদলে রাখেন জেনসেন।

ছোটবেলায় এক চাচার পরামর্শে তার তাইওয়ানিজ মা-বাবা দুই ভাইকে যুক্তরাষ্ট্রের কেন্টাকির একটি ছোট শহরের আবাসিক স্কুলে পাঠিয়েছিলেন। চাচা বলেছিলেন, সেটি বেশ নামি স্কুল। কিন্তু গিয়ে দেখা গেল, সেটি মূলত বখে যাওয়া ও সমস্যাগ্রস্ত কিশোরদের সংশোধনাগার ধরনের একটি স্কুল।

বয়স কম হওয়ায় হুয়াং সেখানে থেকে পাশের একটি সরকারি স্কুলে তামাক চাষিদের সন্তানদের সঙ্গে পড়াশোনা করতেন। ইংরেজিতে দুর্বল হওয়ায় সহপাঠীদের হাতে নিয়মিত নিগ্রহের শিকার হতেন তিনি, এমনকি তাকে দিয়ে শৌচাগারও পরিষ্কার করানো হতো। মার্কিন সংবাদমাধ্যম এনপিআরকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেছিলেন, ‘আমরা খুব কঠোর পরিশ্রম করতাম, মন দিয়ে পড়তাম, আর ওখানকার ছেলেরা ছিল ভীষণ রগচটা। তবে গল্পের শেষ কথা হলো, আমি ওই সময়টা দারুণ উপভোগ করেছিলাম।’

পরবর্তী সময়ে তার মা-বাবা ওরেগনে স্থায়ী হলে হুয়াংকে বাড়িতে ফিরিয়ে আনেন। কিশোর বয়সে তিনি ডেনিস রেস্তোরাঁয় ওয়েটারের কাজ করতেন। পোর্টল্যান্ডের কাছে হাইস্কুলে পড়ার সময় কম্পিউটার ক্লাবে যোগ দেন এবং ওরেগন স্টেট ইউনিভার্সিটি থেকে প্রকৌশল বিদ্যায় স্নাতক সম্পন্ন করেন। সেখানেই পরিচয় হয় তার স্ত্রী লরির সঙ্গে। মাত্র ২০ বছর বয়সে স্নাতক শেষ করে তিনি বর্তমান প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান এএমডি এবং পরে এলএসআই লজিকে চিপ নকশার কাজ শুরু করেন।

১৯৯৩ সালে সিলিকন ভ্যালির একটি ডেনিস রেস্তোরাঁয় বসে দুই বন্ধুকে নিয়ে এনভিডিয়া প্রতিষ্ঠা করেন হুয়াং। ‘নো প্রায়রস’ পডকাস্টে তিনি জানিয়েছিলেন, সাধারণ কম্পিউটার যেসব সমস্যার সমাধান করতে পারে না, থ্রি-ডি গ্রাফিক্স সামলানোর মতো শক্তিশালী চিপ তৈরির মাধ্যমে তিনি সেগুলোর সমাধান করতে চেয়েছিলেন।

এই চিপগুলোর নাম দেওয়া হয় জিপিইউ বা গ্রাফিকস প্রসেসিং ইউনিট। ১৯৯৯ সালে এনভিডিয়া প্রথম জিপিইউ তৈরি করে, যা মূলত ভিডিও গেমকে আরও প্রাণবন্ত করার উদ্দেশ্যে বানানো হয়েছিল। কিন্তু পরবর্তীতে দেখা যায়, চ্যাটজিপিটি ও ক্লডের মতো জেনারেটিভ এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার বিশাল গাণিতিক হিসাব-নিকাশের জন্য এই চিপগুলোই সবচেয়ে আদর্শ।

বর্তমানে এনভিডিয়ার চিপের চাহিদা জোগানের চেয়েও বেশি। চড়া দামের কারণে প্রতিষ্ঠানটি ৭০ শতাংশেরও বেশি মুনাফা করে থাকে। অন্য প্রতিষ্ঠানগুলো নিজস্ব এআই চিপ তৈরি করলেও প্রযুক্তির দৌড়ে এনভিডিয়া এখনো সবার চেয়ে এগিয়ে। পাশাপাশি এনভিডিয়া তাদের পণ্য ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগ ও ঋণসহায়তাও দেয়। এটি এআই শিল্পের বিকাশে বড় ভূমিকা রাখলেও এমন এক জটিল ব্যবসায়িক জাল তৈরি করেছে, যেখানে সাফল্য ও ঝুঁকি একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

ব্র্যান্ড হয়ে ওঠা সেই চামড়ার জ্যাকেট

মাত্র চার বছর আগেও সাধারণ মানুষের কাছে হুয়াং তেমন পরিচিত মুখ ছিলেন না। অথচ সাম্প্রতিক সময়ে স্টেডিয়াম ভর্তি দর্শকের সামনে তাকে বক্তব্য দিতে দেখা গেছে। সব সময় কালো টি-শার্ট আর চামড়ার জ্যাকেট পরা হুয়াংয়ের বাহুতে এনভিডিয়ার লোগোর ট্যাটুও রয়েছে। তার জীবনীকার স্টিফেন উইট জানান, এই জ্যাকেটগুলো পছন্দ করতে তাকে সাহায্য করতেন তার স্ত্রী।

প্রতিষ্ঠানের পাশাপাশি হুয়াংয়ের ব্যক্তিগত সম্পদও ফুলেফেঁপে ওঠে। ফোর্বস সাময়িকীর তথ্যমতে, এনভিডিয়ায় থাকা প্রায় ৩ দশমিক ৬ থেকে ৪ শতাংশ শেয়ারের ওপর ভিত্তি করে তার সম্পদের পরিমাণ দাঁড়িয়েছিল প্রায় ১৬০ বিলিয়ন ডলারে।

তাইওয়ানে তাকে বরণ করা হতো মহাতারকার মতো। অটোগ্রাফ আর সেলফির জন্য ভক্তরা তাকে ঘিরে ধরতেন। এমনকি সেলুন থেকে শুরু করে তার প্রিয় নৈশবাজার—সবখানেই সাংবাদিকেরা তার পিছু নিতেন। সেমিকন্ডাক্টর তৈরির বিশ্বখ্যাত কেন্দ্র তাইওয়ানে গিয়ে তিনি এনভিডিয়ার চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান টিএসএমসির প্রতিষ্ঠাতা মরিস চ্যাংসহ শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত বৈঠক করতেন।

তবে সহকর্মীদের চোখে হুয়াং ছিলেন এক জটিল ব্যক্তিত্ব। এক সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘তিনি আমার দেখা সবচেয়ে উদ্যমী মানুষ, তবে ভীষণ স্ববিরোধীও বটে।’ কর্মীদের প্রতি তিনি যেমন রক্ষণশীল ছিলেন, তেমনি কারও ভুলে তাকে ‘তুলোধোনা’ করতেও ছাড়তেন না। কর্মীদের উদ্দেশে তার স্পষ্ট বার্তা ছিল, ‘আমাদের কোম্পানি সব সময় দেউলিয়া হওয়া থেকে মাত্র ৩০ দিন দূরে অবস্থান করছে।’

ওয়াশিংটনের সঙ্গে সখ্য

কর্মজীবনের দীর্ঘ সময় মার্কিন রাজধানী ওয়াশিংটনে অনেকটা নিভৃতেই ছিলেন হুয়াং। দৃশ্যপট বদলাতে শুরু করে ২০২২ সালের শেষ দিকে, যখন তৎকালীন বাইডেন প্রশাসন চীনের সামরিক বাহিনীর নাগালের বাইরে রাখতে উন্নত চিপ রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করে। হুয়াং তখন সতর্ক করে বলেছিলেন, এই নিষেধাজ্ঞা মার্কিন সেমিকন্ডাক্টর শিল্পকে পঙ্গু করে দিতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতেই তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন হুয়াং। ফ্লোরিডায় ট্রাম্পের ব্যক্তিগত ক্লাব মার-এ-লাগো এবং হোয়াইট হাউসে গিয়ে তিনি প্রেসিডেন্টের অর্থনৈতিক নীতি ও এআই-বান্ধব দৃষ্টিভঙ্গির ভূয়সী প্রশংসা করেন। একপর্যায়ে তিনি এআই বিষয়ে ট্রাম্পের অনানুষ্ঠানিক উপদেষ্টায় পরিণত হন।

২০২৫ সালের ডিসেম্বরে এনভিডিয়ার অন্যতম বিনিয়োগকারী ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, বিক্রির একটি লভ্যাংশ যুক্তরাষ্ট্র সরকারকে দেওয়ার শর্তে এনভিডিয়া চীনে তাদের উন্নত ‘এইচ২০০’ চিপ বিক্রি করতে পারবে। এটি ছিল হুয়াংয়ের জন্য এক বিশাল জয় এবং পূর্ববর্তী প্রশাসনের অবস্থান থেকে বড় ধরনের সরে আসা।

তবে এই কৌশল তার শত্রুও বাড়িয়ে তোলে। চীনবিরোধী কঠোর অবস্থানের জন্য পরিচিত মার্কিন রাজনীতিবিদেরা মনে করতেন, হুয়াং জাতীয় নিরাপত্তার চেয়ে এনভিডিয়ার মুনাফাকেই বড় করে দেখছেন। এনভিডিয়া ও অন্যান্য চিপ নির্মাতাদের আইনি ফাঁকফোকর বন্ধ করতে তারা বারবার কঠোর বিধিনিষেধের দাবি তুলে আসছিলেন।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের কথিত প্রেমের সম্পর্কের বিষয়টি নজরে আসে ২০২৫ সালের অক্টোবরে। অ্যালিস তখন সিঙ্গাপুরভিত্তিক ডেটা সেন্টার প্রতিষ্ঠান ‘মেগাস্পিড’-এ কাজ করতেন। মার্কিন বাণিজ্য বিভাগ তদন্ত করছিল যে, রপ্তানি নিষেধাজ্ঞা অমান্য করে মেগাস্পিড এনভিডিয়ার শীর্ষ মানের চিপগুলো চীনা প্রতিষ্ঠানগুলোর কাছে পাচার করছে কিনা। নিউইয়র্ক টাইমসের তথ্যমতে, দুই বছরে এনভিডিয়ার কাছ থেকে ৪ দশমিক ৮ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের চিপ কিনেছিল মেগাস্পিড।

প্রতিবেদনে আরও বলা হয়, প্রায় এক বছর আগেই মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে জানিয়েছিলেন যে চীনা নাগরিক অ্যালিস হুয়াং বেইজিংয়ের হয়ে তথ্য সংগ্রহ করছেন। কিন্তু ট্রাম্প তখন কোনো পদক্ষেপ নেননি।

পরবর্তীতে ২০২৬ সালের মে মাসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করতে ট্রাম্প যখন বেইজিং যাচ্ছিলেন, তখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও তাকে সতর্ক করেন। প্রেসিডেন্টের উড়োজাহাজ ‘এয়ার ফোর্স ওয়ান’-এ বসে রুবিও ট্রাম্পকে জানান, মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী চীনা গুপ্তচর হিসেবে সন্দেহভাজন এক নারীর সঙ্গে হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আলাস্কার অ্যাঙ্কোরেজে যাত্রাবিরতির ঠিক আগমুহূর্তে এই তথ্য দেওয়া হয়, যেখান থেকে শেষ মুহূর্তের অতিথি হিসেবে হুয়াংয়ের ট্রাম্পের সফরসঙ্গী হওয়ার কথা ছিল।

যে দুই সপ্তাহে সব শেষ হলো

গত ২৯ অক্টোবর নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে প্রকাশ করে, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো অ্যালিস হুয়াংকে চীনা গুপ্তচর হিসেবে সন্দেহ করছে এবং এনভিডিয়ার প্রধান নির্বাহীর সঙ্গে তার গভীর সম্পর্ক গড়ে উঠেছে।

এরপর ৮ নভেম্বর এনভিডিয়ার কর্মীদের উদ্দেশে লেখা এক চিঠিতে স্ত্রীর প্রতি বিশ্বাসঘাতকতার কথা স্বীকার করেন হুয়াং। তবে ওই নারীর নাম উল্লেখ না করে তিনি লেখেন, ‘আমি যা করেছি, তার কোনো অজুহাত হতে পারে না। আমি আন্তরিকভাবে দুঃখিত।’ সেদিনই এনভিডিয়া তার বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত শুরু করে। যদিও কোম্পানির মুখপাত্র জন রিজো তখন বলেছিলেন, ‘কোনো ধরনের বিঘ্ন ছাড়াই প্রধান নির্বাহী হিসেবে এনভিডিয়াকে নেতৃত্ব দিয়ে যেতে জেনসেন প্রতিশ্রুতিবদ্ধ।’

৯ নভেম্বর ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, চীন সফরে আমন্ত্রণ জানানোর সময় তিনি এই পরিস্থিতি সম্পর্কে অবগত ছিলেন না। হুয়াং তাকে জানিয়েছেন যে, অ্যালিস হুয়াং একজন কথিত গুপ্তচর, তা তিনি জানতেন না। ট্রাম্প বলেন, ‘আমি সত্যিই তাকে বিশ্বাস করি।’ অন্যদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযোগকে ভিত্তিহীন বলে নাকচ করে দেয়।

সবশেষ ১১ নভেম্বর নিউইয়র্ক টাইমস জানায়, হুয়াংয়ের অধীনে কর্মরত এনভিডিয়ার এক নারী নির্বাহীর সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তবে এনভিডিয়া বা হুয়াং কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। মেগাস্পিড জানায়, তারা মার্কিন সরকারের তদন্তকে স্বাগত জানায় এবং কর্তৃপক্ষকে সব ধরনের সহযোগিতা করবে। এরপরই হুয়াংয়ের ভবিষ্যৎ নির্ধারণে জরুরি বৈঠকে বসে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ।

অবশেষে বৃহস্পতিবার পদত্যাগ করেন জেনসেন হুয়াং। এনভিডিয়া তাদের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) কোলেট ক্রেসকে অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ দিয়েছে এবং স্থায়ী উত্তরসূরি খোঁজার প্রক্রিয়া শুরু করেছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :