​সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

আপলোড সময় : ১২-১১-২০২৬ ০৩:২৯:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১১-২০২৬ ০৩:৫৬:৩২ অপরাহ্ন
সারাদেশের অবৈধ ইটভাটা বন্ধে সব বিভাগীয় কমিশনার ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ আদেশ প্রতিপালন করে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ।

ইটভাটা মালিকদের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ আলী। পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ।

আইনজীবী মনজিল মোরসেদ জানান, এইচআরপিবির করা জনস্বার্থের মামলায় হাইকোর্ট ২০২২ সালের ১৩ নভেম্বর রুল জারি করে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। একপর্যায়ে ইটভাটা মালিক সমিতির পক্ষে এই মামলায় আবেদন দাখিল করে আদালতের আদেশ সংশোধনের প্রার্থনা করে নির্দেশনা চান। কিন্তু আদালত সকল অবৈধ ইটভাটা বন্ধ করে আদালতের প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। ওই নির্দেশনা দেওয়ার পরে উচ্ছেদ অভিযান শুরু হয়।

পরবর্তীতে ইটভাটা মালিকদের পক্ষ হতে আদেশ সংশোধন করে জিগজ্যাগ সম্পর্কিত ইটভাটাকে আদেশের বাইরে রাখার প্রার্থনা করেন এবং শুনানি শেষে হাইকোর্ট বিভাগ ইটভাটা মালিকদের আবেদন সংশোধন করলেও অবৈধ ইটভাটা উচ্ছেদের আদেশ বহাল রাখেন।

এ আদেশের পরে বিভিন্ন ইটভাটার মালিকরা একাধিক আপিল দায়ের করে আদেশের উপরে স্থগিতাদেশের প্রার্থনা করলেও তা পাননি। পরবর্তীতে আপিলগুলো আপিল বিভাগে খারিজ হয়।

মনজিল মোরসেদ আরও জানান, বর্তমানে বিভিন্ন অবৈধ ইটভাটা মালিকরা পুনরায় তাদের কার্যক্রম শুরু করার পাঁয়তারা করছে মর্মে সংবাদ পেয়ে এইচআরপিবির পক্ষে একটি আবেদন দাখিল করে আদালতে অবৈধ ইটভাটা অপসারণ সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের প্রতিবেদন দাখিলের প্রার্থনা করা হয়। আদালত সকল পক্ষের বক্তব্য শুনে এইচআরপিবির করা আবেদন মঞ্জুর করে বাংলাদেশের সকল অবৈধ ইটভাটা বন্ধে ইতোপূর্বে আদালতের বিভিন্ন নির্দেশনা অনুসারে ব্যবস্থা গ্রহণ করে পরিবেশ অধিদপ্তর এবং সকল বিভাগীয় কমিশনারদেরকে পদক্ষেপ গ্রহণ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে বৈধ ইটভাটা মালিকদেরকে হয়রানি না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :