​গেজেটের বাইরে থাকা আহত জুলাই যোদ্ধাদের নতুন তালিকা করবে সরকার

আপলোড সময় : ১১-১১-২০২৬ ০৫:৫২:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১১-২০২৬ ০৫:৫২:১৬ অপরাহ্ন
জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে আহত হলেও এখনো জুলাই যোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হননি, এমন ব্যক্তিদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।

এ জন্য নতুন করে তালিকাভুক্তির আবেদন গ্রহণে গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের জুলাই গণঅভ্যুত্থান শাখা থেকে মঙ্গলবার (১০ নভেম্বর) এ বিষয়ে একটি চিঠি জারি করা হয়। চিঠিতে বলা হয়েছে, আন্দোলনে অংশ নিয়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন কিংবা এখনো চিকিৎসাধীন রয়েছেন, কিন্তু জুলাই যোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হননি এমন ব্যক্তিদের কাছ থেকে আবেদন গ্রহণের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।

চিঠিতে উল্লেখ করা হয়, জুলাই গণঅভ্যুত্থানে ৮৪২ জন শহীদ হয়েছেন। পাশাপাশি আহত ব্যক্তিদের যথাযথ স্বীকৃতি, কল্যাণ ও পুনর্বাসন নিশ্চিত করতে ইতোমধ্যে বিভিন্ন শ্রেণিতে জুলাই যোদ্ধাদের নাম গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত গেজেটে ক্যাটাগরি-ক-তে ৯৯০ জন, ক্যাটাগরি-খ-তে ১ হাজার ১৪ জন এবং ক্যাটাগরি-গ-তে ১১ হাজার ৯৬৪ জনের নাম রয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উপজেলা ও জেলা পর্যায়ে বর্তমানে ৯৩১ জন আহত ব্যক্তির আবেদন অনিষ্পন্ন রয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন এলাকায় জুলাই গণঅভ্যুত্থানে আহত হলেও এখনো জুলাই যোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হওয়ার সুযোগ পাননি, এমন ব্যক্তিও রয়েছেন।

চিঠিতে আরও বলা হয়, গত ১০ ফেব্রুয়ারি তৎকালীন সরকারের শেষ কর্মদিবসে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের নতুন করে অন্তর্ভুক্তির আবেদন মন্ত্রণালয়ে না পাঠাতে দেশের সব জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয়েছিল।

এর ফলে পরবর্তী সময়ে বিভিন্ন উপজেলা ও জেলা পর্যায়ে আহত ব্যক্তিদের পক্ষ থেকে আবেদন জমা পড়লেও সংশ্লিষ্ট দপ্তরগুলো পরবর্তী কার্যক্রমের জন্য সেগুলো মন্ত্রণালয়ে পাঠাতে পারেনি।

এ পরিস্থিতিতে জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়েও গেজেটভুক্তির বাইরে থাকা ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত করতে নতুন করে আবেদন গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির জাতীয় পরিচয়পত্র অথবা জন্মসনদ, স্থায়ী ও বর্তমান ঠিকানার তথ্য এবং আহত হওয়ার পক্ষে উপযুক্ত প্রমাণপত্র জমা দিতে হবে। এসব তথ্য ও প্রমাণের ভিত্তিতে আবেদনকারীদের তালিকাভুক্তির বিষয়টি বিবেচনা করা হবে।

সরকারের এ উদ্যোগের ফলে আন্দোলনে আহত হওয়ার পরও বিভিন্ন কারণে তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারা ব্যক্তিদের রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :