কুকুরের খাঁচায় ভরে মাটিচাপা, ১১ মাসের শিশুকে জীবিত উদ্ধার

আপলোড সময় : ১১-১১-২০২৬ ০১:০৬:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১১-২০২৬ ০১:০৬:০৫ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনায় নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর ১১ মাস বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বাবা তাকে কুকুর রাখার খাঁচায় ভরে মাটিচাপা দিয়েছিলেন। জরুরি তল্লাশি চালিয়ে তাকে উদ্ধার করা হয়। এ খবর জানিয়েছে এবিসি নিউজ।

লেক্সিংটন কাউন্টির শেরিফ জে কুন জানান, মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে শিশু কোয়াহ শার্পকে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, প্রায় ২৪ ঘণ্টা ধরে সে মাটির নিচে চাপা অবস্থায় ছিল। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে শেরিফ জানান, জঙ্গলের কিছুটা ভেতরে মাটির নিচে কুকুর রাখার একটি খাঁচায় তোয়ালে দিয়ে মোড়ানো অবস্থায় শিশুটিকে পাওয়া যায়। উদ্ধারের সময় শিশুটি কাঁদছিল।

সোমবার (৯ নভেম্বর) বিকেল থেকে কোয়াহ ও তার ২৫ বছর বয়সী বাবা মাইকেল কোমারের সন্ধানে তল্লাশি শুরু করে কর্তৃপক্ষ। শেরিফ কুন আরও জানান, শিশুটির মা একটি কাজে বাইরে যাওয়ার সময় তাকে বাবার কাছে রেখে গিয়েছিলেন। ওই বাড়িতে অন্য একজন পরিচর্যাকারীর আসার কথা ছিল। তবে তিনি পৌঁছানোর আগেই বাবা ও ছেলে নিখোঁজ হয়ে যান।

সোমবার গভীর রাতে লেক্সিংটন কাউন্টির পুলিশ বেটসবার্গ-লিসভিল এলাকায় কোমারকে খুঁজে পায়। তবে তখন কোয়াহর কোনো সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার বিকেলে কোমারের বাবার বাড়ির কাছের জঙ্গলে প্রায় ৫০ গজ ভেতরে সদ্য খোঁড়া মাটি দেখতে পান পুলিশ সদস্যরা। শেরিফ জানান, উদ্ধারকর্মীরা মাটি খুঁড়তে শুরু করলে শিশুটির কান্নার শব্দ শুনতে পান।

শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। সে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। কুন জানান, তোয়ালেটি সম্ভবত বাতাস চলাচলের জন্য সামান্য ফাঁকা জায়গা তৈরি করেছিল।

সোমবার রাতে বেটসবার্গের একটি বাড়ির বাইরে থেকে কোমারকে গ্রেপ্তার করা হয়। প্রথমে চুরি ও গ্রেপ্তারে বাধা দেওয়ার অভিযোগে তাকে আটক করা হয়েছিল। তার বিরুদ্ধে আরও অভিযোগ গঠনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন শেরিফ।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :