​কিশোর অপরাধ নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠানে নজরদারির তাগিদ প্রতিমন্ত্রীর

আপলোড সময় : ১০-১১-২০২৬ ০৭:১৪:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১১-২০২৬ ০৭:১৪:৫৯ অপরাহ্ন
কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি।

তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার আমাদের সমাজব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আগে কিশোর গ্যাং বলতে কিছু ছিল না। কিন্তু বিগত ১৭ বছরে কিশোরদের অপরাধের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে। এ অপরাধপ্রবণতা রোধ করতে হবে। যেন আর বাড়তে না পারে সে ব্যবস্থা নিতে হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টায় ঢাকার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষা কর্মকর্তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করতে হবে। শিক্ষা কর্মকর্তারা বিদ্যালয় পরিদর্শন করলে এবং প্রধান শিক্ষক ও অধ্যক্ষরা শিক্ষার্থীদের কার্যক্রম মনিটরিং করলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। এ বিষয়ে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

কৃষি কর্মকর্তাসহ সব সরকারি কর্মকর্তাকে মাঠপর্যায়ে দায়িত্ব পালনের আহবান জানিয়ে তিনি বলেন, প্রত্যেককে নিজ নিজ কাজের জন্য জবাবদিহি করতে হবে। নিজেদের নৈতিক দায়িত্ব পালন করতে হবে। পরবর্তী সভায় প্রত্যেক সেক্টরের কাজের অগ্রগতি ও জবাবদিহি করা হবে। 

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও সরকারের কার্যক্রমের কথা উল্লেখ করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রধানমন্ত্রী অত্যন্ত উদার মানসিকতার পরিচয় দিচ্ছেন। উদারতা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার দিক থেকে আমাদের কোনো কমতি নেই। বিগত সরকার সব ক্ষেত্রকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। সেখান থেকে রাষ্ট্রকে ঘুরে দাঁড় করাতে সবার সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিকতা প্রয়োজন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী চান, সবাই নিয়মের মধ্যে থেকে নিজ নিজ দায়িত্ব পালন করুক। সবাই সহযোগিতা করলে জনগণের প্রত্যাশা বাস্তবায়ন করা সম্ভব হবে।ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা-৬ আসনের এমপি ইশরাক হোসেন।

সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ জয়নুল আবেদীন, সংরক্ষিত নারী আসনের এমপি শিরিন সুলতানা, শাম্মী আক্তার ও সানজিদা ইসলাম তুলি, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন, বিভিন্ন উপজেলার ইউএনও, থানার ওসি জেলা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি ও জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।

সভায় অপরাধ দমন ও প্রতিরোধে পরিচালিত মোবাইল কোর্ট ও অভিযান এবং মাস ও বছরভিত্তিক অপরাধ পরিস্থিতির তুলনামূলক চিত্র পর্যালোচনা করা হয়। এ ছাড়া মাদকদ্রব্যের অপব্যবহার নিয়ন্ত্রণ ও প্রতিরোধ, ভোক্তা অধিকার সংরক্ষণ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য নিয়ন্ত্রণ ও মনিটরিং, সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতামূলক পরিস্থিতি এবং চোরাচালান মামলা মনিটরিং ও চোরাচালানবিরোধী টাস্কফোর্সের অভিযান নিয়েও আলোচনা হয়।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :