​এআই ও ভবিষ্যতের ব্রিটেন নিয়ে উপন্যাস লিখে বুকার জয়

আপলোড সময় : ১০-১১-২০২৬ ০৬:০০:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১১-২০২৬ ০৬:০০:৩৬ অপরাহ্ন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে সমকালীন উদ্বেগ এবং ভবিষ্যতের এক বিপর্যস্ত ব্রিটেনের চিত্র তুলে ধরা ‘দ্য এন্ড অব এভরিথিং’ উপন্যাসের জন্য ২০২৬ সালের বুকার পুরস্কার পেয়েছেন ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন। সোমবার (০৯ নভেম্বর) লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠানে ৮১ বছর বয়সী এই লেখকের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ৫০ হাজার পাউন্ড, যা প্রায় ৬৭ হাজার ডলারের সমান। বুকার পুরস্কারের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে বিজয়ী হওয়ার কৃতিত্বও অর্জন করেছেন তিনি।

হ্যারিসনের লেখা এটি ১৩তম উপন্যাস। বইটির গল্পের কেন্দ্রে রয়েছেন ফিলিপ টেনেন্ট এবং স্মৃতিভ্রংশে আক্রান্ত তাঁর খালা মার্নি। নিকট ভবিষ্যতের ইংল্যান্ডের সমুদ্রতীরবর্তী একটি এলাকায় কাহিনির পটভূমি তৈরি হয়েছে। সেখানে ‘আইগেটি’ নামের রহস্যময় কিছু বস্তুর আবির্ভাব ঘটে। বস্তুগুলো মানুষের আচরণ অনুকরণ করতে পারে। এর মধ্য দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে মানুষের সম্পর্কের বিষয়টি উঠে এসেছে।

উপন্যাসটিতে অজানা এক বিপর্যয়ের পর ইউরোপের অদ্ভুত প্রলয়োত্তর পরিস্থিতি চিত্রিত হয়েছে। পাশাপাশি ব্রেক্সিট, কোভিড-১৯ মহামারি এবং মানুষের দৈনন্দিন জীবনে প্রযুক্তির ক্রমবর্ধমান প্রভাবও স্থান পেয়েছে।

বুকার পুরস্কারের বিচারক প্যানেলের সভাপতি মেরি বিয়ার্ড বলেন, অসাধারণ লেখনশৈলী ও বিষয়বস্তুর ব্যাপকতার কারণে উপন্যাসটি অন্যদের ছাড়িয়ে গেছে। তাঁর মতে, ভবিষ্যতের গল্পের মধ্য দিয়ে বইটিতে বর্তমান সময়ের রাজনীতি ও সংকট তুলে ধরা হয়েছে।

এবারের প্রতিযোগিতায় মারলন জেমস, ডগলাস স্টুয়ার্ট, এলিজাবেথ স্ট্রাউট, লুক কেনার্ড ও রেবেকা পেরিসহ পাঁচ লেখককে পেছনে ফেলেছেন হ্যারিসন। মোট ১৬৩টি উপন্যাস থেকে বাছাই করে ছয়টি বই চূড়ান্ত তালিকায় রাখা হয়েছিল।

নিজের উপন্যাস প্রসঙ্গে হ্যারিসন বলেন, সমসাময়িক ঘটনাবলি থেকেই বইটির বিষয়বস্তু ও ব্যঙ্গের উপাদান এসেছে। বিশ্বকে বোঝার প্রচেষ্টা যখন একের পর এক সংকটে পরিণত হয়, তখন মানুষের জীবন কীভাবে এগিয়ে যায়, সেটিই তুলে ধরার চেষ্টা করেছেন তিনি।

১৯৪৫ সালে ইংল্যান্ডের রাগবি শহরে জন্ম নেওয়া হ্যারিসন কল্পবিজ্ঞান সাহিত্যের পরিচিত লেখক। তাঁর উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ‘ভিরিকোনিয়াম’ উপাখ্যানমালা ও ‘লাইট’।

এবারের বুকার পুরস্কারের বিচারপ্রক্রিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবও গুরুত্ব পেয়েছে। বিচারক মেরি বিয়ার্ড বলেন, ভবিষ্যতে প্রকাশনা ও লেখালেখিতে এআইয়ের ভূমিকা নিয়ে আলোচনা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

গত বছর ‘ফ্লেশ’ উপন্যাসের জন্য বুকার পুরস্কার পেয়েছিলেন ব্রিটিশ-হাঙ্গেরীয় লেখক ডেভিড সালাই।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :