সোনালী ধানে লোকসানের শঙ্কায় কৃষক

আপলোড সময় : ০৯-১১-২০২৬ ০৩:০৮:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০৩:০৮:৪২ অপরাহ্ন
খাগড়াছড়িতে বিস্তীর্ণ মাঠজুড়ে এখন সোনালি ধানের হাসি। চাষিদের অনেকেই মাঠ থেকে ধান কেটে মাড়াই শেষে ঘরে তুলতে ব্যস্ত সময় অতিবাহিত করছেন। ধানের বাম্পার ফলন হলেও খুশি নেই তাদের মনে। কীটনাশক ও ছত্রাকনাশক দাম, সঠিক সময়ে সার না পাওয়া এবং শ্রমিকের মজুরি বৃদ্ধি পাওয়ায় উৎপাদিত ফসলের দাম নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকরা। 

খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে খাগড়াছড়িতে ২৯ হাজার ৪২০ হেক্টর জমিতে আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এবার চাষ হয়েছে ২৯ হাজার ৭৪৯ হেক্টর জমিতে। ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮৫ হাজার ৭১৬ মেট্রিক টন।

খাগড়াছড়ি সদরের বটতলী গ্রামের কৃষক মিশুক চাকমা জানান, এ বছর জুলাই মাসের পর থেকে অতিবৃষ্টি ও বন্যা হলেও তাদের আমন ধানের ফলন হয়েছে।  তবে, কীটনাশক ও ছত্রাকনাশকের দাম বেশি হওয়ায় উৎপাদন খরচ বেড়েছে। এরসঙ্গে যুক্ত হয়েছে সঠিক সময়ে সার না পাওয়ার দুর্ভোগ। ফলে ধান থেকে লাভ করা কঠিন হবে।  

কমলছড়ি গ্রামের কৃষক বাবলু চাকমা জানান, বাজারে ধানের দাম কম। যে কারণে ফলন ভালো হলেও তারা খুশি হতে পারছেন না।  তার দাবি, সরকারিভাবে ন্যায্য মূল্য নির্ধারণ, ক্রয় কার্যক্রম জোরদার করার পাশাপাশি বাজারের কীটনাশক আর ছত্রাকনাশকের দাম কমানোর ব্যবস্থা করতে হবে। কৃষক তার উৎপাদিত ফসলের সঠিক বাজারদর পেলে ধান চাষে তাদের আগ্রহ বাড়বে।

কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) খাগড়াছড়ি শাখার সহ-সভাপতি সৈকত দেওয়ান বলেন, ‍“কৃষকরা ধান উৎপাদন করছে ঠিকই কিন্ত তাদের কোন লাভ নেই। এখন ধান চাষে রোগবালাই খুব বেশি দেখা দিচ্ছে। কীটনাশক, ছত্রাকনাশকের দাম বেশি হওয়ার কৃষকের উৎপাদন খরচ বেড়েছে। ”

তিনি বলেন, “ধান বিক্রির ক্ষেত্রে সিন্ডিকেট থাকে, সরকারি খাদ্য গুদামে ধান নিয়ে গেলে অনেক সময় হয়রানির শিকার হতে হয় কৃষকদের। সরকার যদি সারের সহজ লভ্য ও কীটনাশক, ছত্রাকনাশকের দাম সহনীয় পর্যায়ে আনেন তাহলে কৃষকরা ধান চাষ করে লাভবান হওয়ার পাশাপাশি এই ফসল উৎপাদনে তাদের আগ্রহ বাড়বে।

খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক নাসির উদ্দিন চৌধুরী জানান, যে লক্ষ্যমাত্রা ছিল তা পূরণ হয়েছে। জুলাই মাসের বারবার বৃষ্টি ও বন্যার কারণে খাগড়াছড়ি সদর, দীঘিনালা ও মহালছড়ি উপজেলাগুলোতে একটা চ্যালেঞ্জ ছিল। দুর্গত এলাকার কৃষকদের জন্য দ্রুত ৫ হাজার কেজি বীজ সরর্বরাহ করতে পারায় ধান উৎপাদনের লক্ষ্যমাত্র অর্জন হয়েছে। 

 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :