​রাজধানীতে শুরু হয়েছে সোলার এক্সপো, কী পাবেন এখানে

আপলোড সময় : ০৩-১১-২০২৬ ০২:৫২:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-১১-২০২৬ ০২:৫২:৫৩ অপরাহ্ন
ছাদের অব্যবহৃত জায়গায় সৌরবিদ্যুৎ উৎপাদন করে বিদ্যুৎ খরচ কমানোর পাশাপাশি বাড়তি বিদ্যুৎ বিক্রির সুযোগ- এমন সম্ভাবনার নানা দিক তুলে ধরতে রাজধানীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’। সৌরবিদ্যুৎ ব্যবহারে আগ্রহী ব্যক্তি, উদ্যোক্তা, শিল্পপ্রতিষ্ঠান কিংবা বিনিয়োগকারীদের জন্য এই প্রদর্শনীতে থাকছে আধুনিক সৌরপ্রযুক্তির নানা সরঞ্জাম, আর্থিক সহায়তা ও কারিগরি সেবার তথ্য।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক্সপোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় প্রদর্শনী। বুধবার (৪ নভেম্বর) পর্যন্ত চলবে এই আয়োজন।

সোলার এক্সপোতে বিদ্যুৎ বিতরণী কোম্পানি ও দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন কোম্পানি অংশ নিচ্ছে। রাজধানীর অন্যতম বিদ্যুৎ বিতরণী কোম্পানি ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো)-এর স্টল পরিদর্শন করেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) ও ডেসকোর বোর্ড চেয়ারম্যান মো. সবুর হোসেন এবং বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা অনুবিভাগ) নূর আহ্‌মদ। 

এ সময় মো. সবুর হোসেন স্টলে আগত দর্শণার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদনে স্বনির্ভরতা অর্জন এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ খাতে বিনিয়োগ উৎসাহিত করতে নীতি সহায়তা, কর ও শুল্ক সুবিধা এবং আর্থিক প্রণোদনার ব্যবস্থা নিয়েছে সরকার। সৌর প্যানেল, ইনভার্টার ও ব্যাটারির মতো প্রয়োজনীয় যন্ত্রপাতির আমদানি এবং দেশীয় উৎপাদনেও বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। ডেসকো বোর্ড চেয়ারম্যান আরো বলেন,  সৌরবিদ্যুৎ স্থাপন ও সম্প্রসারণ সহজ করতে সরকার ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ-২০২৬’ প্রণয়ন করেছে। এ খাতে অর্থায়ন ও বিনিয়োগের সুযোগ বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় নীতিগত সহায়তা দেওয়া হচ্ছে।

সোলার এক্সপোর অন্যতম আকর্ষণ সৌরবিদ্যুৎ উৎপাদন ও সংরক্ষণের আধুনিক প্রযুক্তি। প্রদর্শনীতে থাকছে সৌরপ্যানেল, ইনভার্টার, স্মার্ট গ্রিড প্রযুক্তি এবং উন্নত ব্যাটারি সংরক্ষণ ব্যবস্থা। এসব সরঞ্জাম সম্পর্কে সরাসরি জানার পাশাপাশি সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনে প্রয়োজনীয় প্রযুক্তি ও সম্ভাব্য সমাধান সম্পর্কে ধারণা পাওয়ার সুযোগ থাকছে দর্শনার্থীদের।

শুধু প্রযুক্তি প্রদর্শনেই সীমাবদ্ধ থাকছে না আয়োজনটি। সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে অর্থায়ন, সহজ শর্তে ঋণ এবং কারিগরি সহায়তার বিষয়েও তথ্য দেবে দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, প্রকল্প উন্নয়নকারী ও সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো। ফলে বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান কিংবা শিল্পকারখানায় সৌরবিদ্যুৎ স্থাপনে আগ্রহীরা অর্থায়ন ও বাস্তবায়নসংক্রান্ত বিভিন্ন সেবা সম্পর্কে জানতে পারবেন।

এবারের এক্সপোর প্রতিপাদ্য ‘ছাদের প্রতিটি ইঞ্চি কাজে লাগান, সৌরবিদ্যুৎ থেকে আয় বাড়ান’। ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থার প্রসারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এতে। এ ক্ষেত্রে নেট মিটারিং ব্যবস্থায় উৎপাদিত বিদ্যুতের উদ্বৃত্ত অংশ প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সায় কেনার বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ছাদে নিজস্ব মূলধন ছাড়াই তৃতীয় পক্ষের মাধ্যমে সৌরপ্যানেল স্থাপনের পরিচালন ব্যয়ভিত্তিক বা ওপেক্স মডেলও উৎসাহিত করা হচ্ছে।

সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগের পরিবেশ ও নীতিগত বিষয়গুলো নিয়েও জানার সুযোগ থাকবে এক্সপোতে। দুই দিনে এ বিষয়ে চারটি বিশেষ সেমিনার আয়োজন করা হয়েছে। সেমিনারগুলোর আলোচ্য বিষয় জাতীয় পর্যায়ে সৌরবিদ্যুতের প্রসার, সরকারি প্রতিষ্ঠানে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপন, আবাসিক ও শিল্পকারখানায় সৌরবিদ্যুতের ব্যবহার এবং বেসরকারি বিনিয়োগ ও কার্বন রাজস্বের মাধ্যমে সৌর খাতের অর্থায়ন।

এক্সপোতে অংশগ্রহণকারীরা সৌরবিদ্যুৎ খাতের নীতিগত পরিবর্তন ও সরকারি উদ্যোগ সম্পর্কেও জানতে পারবেন। সৌরবিদ্যুতের সম্প্রসারণ, প্রশাসনিক জটিলতা কমানো এবং বিনিয়োগ বাড়াতে সরকার ‘বিশেষ সৌরবিদ্যুৎ অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছে। পাশাপাশি ২০২৬–২০৩০ মেয়াদের ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র’ নেওয়া হয়েছে।

সৌরবিদ্যুৎ ও জ্বালানি সংরক্ষণ প্রযুক্তির প্রসারে সংশ্লিষ্ট পণ্য আমদানিতে শুল্ক কমিয়ে ১ শতাংশ করা হয়েছে। এসব পণ্যের ওপর মূল্য সংযোজন করও (মূসক) সম্পূর্ণ মওকুফ করা হয়েছে। প্রদর্শনীতে এসব নীতিগত সুবিধা ও বিনিয়োগের সুযোগ সম্পর্কে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে বিস্তারিত জানার সুযোগ পাবেন আগ্রহীরা।

বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) যৌথভাবে প্রথমবারের মতো এ আয়োজন করেছে। আয়োজকদের লক্ষ্য সৌরপ্রযুক্তির সর্বশেষ উদ্ভাবন তুলে ধরা, বিনিয়োগে উৎসাহ দেওয়া এবং নবায়নযোগ্য জ্বালানি খাতের বিভিন্ন অংশীজনের মধ্যে সহযোগিতা বাড়ানো।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :