মাদক ব্যবসার প্রতিবাদ করায় স্ত্রীকে গলা কেটে হত্যা

আপলোড সময় : ০৩-১১-২০২৬ ১২:১০:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-১১-২০২৬ ১২:১০:২৮ অপরাহ্ন
ডামুড্যায় মাদক সেবন ও ব্যবসার প্রতিবাদ করায় লামিয়া বৃষ্টি (১৮) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কনেশ্বর ইউনিয়নের কনেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রেম করে ছয় বছর আগে লামিয়া ও রবিউলের বিয়ে হয়। বিয়ের পর রবিউল মাদক সেবন ও অবৈধ মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। এসব নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো।

ঘটনার এক সপ্তাহ আগে মাদক ব্যবসা ছেড়ে দিতে স্বামীকে বলেন লামিয়া। পরে তালাক দেওয়ার কথা জানিয়ে বাবার বাড়িতে চলে যান তিনি।

পারিবারিক বিরোধ মীমাংসার কথা বলে লামিয়াকে স্বামীর বাড়িতে ডেকে আনেন। সেখানে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করা হয়।

পরে পরিবারের সদস্যরা চলে গেলে লামিয়ার সঙ্গে আবারও কথা-কাটাকাটি শুরু হয় রবিউলের। একপর্যায়ে তাকে টেনেহিঁচড়ে পাশের বাড়ির একটি ডোবার কাছে নিয়ে ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে ডোবায় ফেলে রেখে পালিয়ে যান। পরে লামিয়ার ছোট ভাই ওবায়দুল মাদবর তাকে খুঁজতে গিয়ে ডোবার পানিতে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। সেখান থেকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের মা শাহিদা আক্তার বলেন, বিয়ের পর থেকেই রবিউল মাদক সেবনের পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

এসবের প্রতিবাদ করলেই তার মেয়েকে মারধর করতেন। এ নিয়ে আগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। সর্বশেষ গত সপ্তাহে রবিউলকে তালাক দেওয়ার কথা বলে মেয়ে বাবার বাড়িতে চলে আসেন। মীমাংসার কথা বলে ডেকে নিয়ে তাকে হত্যা করা হয়েছে।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম মোবাইল ফোনে বলেন, খবর পাওয়ার পরপরই মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে অভিযুক্ত রবিউলকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :