পিএসসির সদস্য হিসেবে শপথ নিলেন অধ্যাপক ড. শামীমা সুলতানা

আপলোড সময় : ০১-১১-২০২৬ ০৩:২০:০২ অপরাহ্ন , আপডেট সময় : ০১-১১-২০২৬ ০৩:২০:০২ অপরাহ্ন
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিয়োগপ্রাপ্ত সদস্য অধ্যাপক ড. শামীমা সুলতানা শপথ গ্রহণ করেছেন। রোববার (০১ নভেম্বর) বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

এর আগে গত ২৫ অক্টোবর বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের নতুন সদস্য হিসেবে নিয়োগ পান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামীমা সুলতানা। এদিন তার নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, অধ্যাপক শামীমা সুলতানাকে সরকারি কর্ম কমিশনের সদস্য পদে নিয়োগ দেয়া হয়েছে। তবে এ নিয়োগের শর্ত অনুযায়ী, তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে।

সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদ অনুযায়ী, দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর অথবা তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত তিনি সরকারি কর্ম কমিশনের সদস্য পদে বহাল থাকবেন। এ দুইয়ের মধ্যে যে সময়সীমাটি আগে পূর্ণ হবে, সে সময় তার দায়িত্বের মেয়াদ শেষ হবে।

২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় অধ্যাপক শামীমা সুলতানা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতির দায়িত্বে ছিলেন। ওই সময়, ২০২৪ সালের ১ আগস্ট, নিজের কার্যালয় থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সরিয়ে আলোচনায় আসেন তিনি। ছবি সরিয়ে ফেলার পর সেটি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করেন এই শিক্ষক।

অধ্যাপক শামীমা সুলতানা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সহসভাপতি ছিলেন। তবে বর্তমানে তিনি সংগঠনটির কোনো কমিটিতে পদে নেই।
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :