​সঞ্জয় দত্তও বিষ্ণোই গ্যাংয়ের নিশানায়, বাড়িতে নজরদারি

আপলোড সময় : ২৯-১০-২০২৬ ০৬:১৭:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১০-২০২৬ ০৬:১৮:৫৯ অপরাহ্ন
গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নিশানায় থাকা বলিউড তারকাদের তালিকায় এবার অভিনেতা সঞ্জয় দত্তের নাম উঠে এসেছে। সালমান খানের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বের কারণেই সঞ্জয়কে লক্ষ্যবস্তু করার পরিকল্পনা করা হয়েছিল বলে তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ।

প্রতিবেদন অনুযায়ী, টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার তদন্তে এসব তথ্য উঠে এসেছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হামলাকারীরা জানিয়েছে, তাদের মূল লক্ষ্য ছিলেন সালমান খান। এ জন্য তারা মুম্বাইয়ের বান্দ্রায় সালমানের বাসভবন ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্টস’-এর আশপাশে নজরদারি চালিয়েছিল। তবে সেখানে কড়া নিরাপত্তাব্যবস্থা দেখে পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয় তারা।

এরপর সালমানের ঘনিষ্ঠজনদের ওপর হামলা চালিয়ে বলিউডে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করা হয় বলে তদন্তকারীদের দাবি। সেই পরিকল্পনার অংশ হিসেবেই টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সালমানের নাগাল পাওয়া কঠিন হয়ে পড়ার পর হামলাকারীরা আমির খান, অমিতাভ বচ্চন ও অক্ষয় কুমারের বাড়ির আশপাশেও নজরদারি চালায় বলে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এবার সেই তালিকায় সঞ্জয় দত্তের নামও সামনে এসেছে।

তদন্তকারীদের দাবি, টাইগার শ্রফের ঘটনায় রেহান ও ফুল সিং নামে দুই শুটার জড়িত। তাঁদের বাড়ি হরিয়ানার সোনিপতে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে তাঁরা মুম্বাইয়ে আসেন। তাঁদের সঙ্গে মধ্যপ্রদেশ থেকে আনা বেআইনি দেশি আগ্নেয়াস্ত্র ছিল বলে তদন্তকারীদের দাবি। তবে নজরদারি চালানোর দিন অস্ত্রটি তাঁরা হোটেলেই রেখে গিয়েছিলেন।

তদন্তকারীদের ভাষ্য, এই গ্যাংয়ের সদস্য অমিত পণ্ডিত তাঁদের বলিউডের অন্য অভিনেতাদের বাড়িতে নজরদারি চালানোর নির্দেশ দেন। বাড়ির আশপাশের ভিডিও ধারণ করার নির্দেশও দেওয়া হয়েছিল বলে দাবি তদন্তকারীদের।

তদন্তকারীরা জানিয়েছেন, সালমানের বাড়ির বাইরে থেকে একটি অটোরিকশা ভাড়া করে প্রথমে আমির খানের বাড়িতে যায় অভিযুক্তরা। এরপর তারা যায় ইমরান হাশমির বাড়িতে। সবশেষে পৌঁছায় মুম্বাইয়ের পালি হিলে সঞ্জয় দত্তের বাসভবনে। সেখানে গিয়ে সঞ্জয় বাড়িতে রয়েছেন কি না, তা জানার চেষ্টা করে তারা।

তদন্তসংশ্লিষ্টদের দাবি, সঞ্জয় দত্ত বাড়ির কোন তলায় থাকেন, কোন গাড়িতে যাতায়াত করেন এবং তাঁর সঙ্গে নিয়মিত কারা থাকেন—এসব তথ্য সংগ্রহের চেষ্টা করা হয়েছিল।

এ ছাড়া সঞ্জয়কে বাড়ি থেকে বের হতে বা গাড়িতে উঠতে দেখা যায়, এমন ভিডিও ইউটিউব ও ইনস্টাগ্রামে খুঁজতে শুরু করে অভিযুক্তরা বলে জানিয়েছেন তদন্তকারীরা। ভিডিওতে দেখা গাড়ির সঙ্গে আবাসনের ভেতরে রাখা গাড়িগুলোর মিল খোঁজারও চেষ্টা করা হয়।

তবে শেষ পর্যন্ত সঞ্জয় দত্ত কোন তলায় থাকেন বা তাঁর গাড়ি কোনটি, সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি অভিযুক্তরা বলে তদন্তকারীদের দাবি।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :