আইনমন্ত্রী

ন্যায়বিচারকে মানুষের আস্থা ও ভরসার জায়গায় নিতে চাই

আপলোড সময় : ২৯-১০-২০২৬ ০১:০০:০১ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১০-২০২৬ ০১:০৪:২৫ অপরাহ্ন
ন্যায়বিচারের ক্ষেত্রকে মানুষের আস্থা, বিশ্বাস ও ভরসার জায়গায় পরিণত করতে চান বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এ লক্ষ্য অর্জনে বিচারব্যবস্থাকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিকায়নের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকায় ই-পারিবারিক আপিল আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী।

তিনি বলেন, দেশে বর্তমানে ৪৬ লাখের বেশি মামলা বিচারাধীন রয়েছে। বিপুলসংখ্যক মামলা নিষ্পত্তি করতে গিয়ে বিচারকদের ওপর অমানবিক চাপ তৈরি হচ্ছে। এই চাপ কমাতে সরকার কাজ করছে।

বিচারকদের দায়িত্ব পালনের বিষয়ে আইনমন্ত্রী বলেন, কোনো কোনো জায়গায় বিচারকদের বিরুদ্ধে দুই থেকে তিন ঘণ্টা আদালত পরিচালনার অভিযোগ রয়েছে। কেউ কেউ সকাল ১১টায় আদালতে এসে বেলা দেড়টা বা দুইটার মধ্যে কাজ শেষ করে চলে যান। এমন আয়েশি বিচারিক কর্মকর্তা কেউ থাকলে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

মো. আসাদুজ্জামান বলেন, ন্যায়বিচারকে সত্যিকার অর্থে মানুষের আস্থা ও ভরসার জায়গায় প্রতিষ্ঠা করতে হলে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং ডিজিটাল খাত সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে অন্যতম। এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে ডিজিটাল প্রযুক্তিতে আরও দক্ষতা অর্জন করতে হবে।

তরুণ বিচারকদের সক্ষমতার ওপর আস্থা প্রকাশ করে আইনমন্ত্রী বলেন, তরুণ বিচারকরা অনেক বেশি স্মার্ট। তিনি বিশ্বাস করেন, তারা এই চ্যালেঞ্জ গ্রহণ করবেন এবং এআইকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখবেন।

আইনমন্ত্রী আরও বলেন, ইতোমধ্যে ই-বেইল বন্ড চালু করা হয়েছে এবং জনগণ এর সুফল পেতে শুরু করেছে। ডিজিটাল পদ্ধতিতে সাক্ষ্য গ্রহণ ও হাজিরা দেওয়ার বিষয়েও আইন রয়েছে। এখন এসব কার্যক্রম কীভাবে আরও কার্যকরভাবে ডিজিটাল পদ্ধতিতে আনা যায়, তা নিয়ে চিন্তাভাবনা চলছে।

তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইতোমধ্যে কোনো কোনো আসামির ক্ষেত্রে ডিজিটাল হাজিরার ব্যবস্থা চালু করা হয়েছে। এ ব্যবস্থায় নির্ধারিত তারিখে আসামিরা কারাগারে থাকেন। সেখান থেকে সংশ্লিষ্ট কর্মকর্তা তাদের হাজিরা নিশ্চিত করেন এবং আদালতও ডিজিটাল পদ্ধতিতে তা নিশ্চিত করে নেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :