​একক সংখ্যাগরিষ্ঠতা নেই কারো, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুই

আপলোড সময় : ২৯-১০-২০২৬ ১১:৫৭:০৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-১০-২০২৬ ১২:০২:১৬ অপরাহ্ন
ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন ও ক্ষমতার পালাবদল নিয়ে তীব্র রাজনৈতিক অনিশ্চয়তা দেখা দিয়েছে। ভোট গণনা প্রায় শেষ পর্যায়ে পৌঁছালেও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী জোট কিংবা বিরোধীদের কেউই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।ফলে নতুন জোট সরকার গঠন না হওয়া বা প্রয়োজনে আগামী বছর পুনরায় নির্বাচন না হওয়া পর্যন্ত নেতানিয়াহুই দেশটির অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাবেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, প্রায় ৮৬ শতাংশের বেশি ভোট গণনা শেষে দেখা গেছে–১২০ আসনের ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। তবে নেতানিয়াহুর লিকুদ পার্টিসহ ডানপন্থী ও অতি-গোঁড়াপন্থী দলগুলোর জোট সর্বোচ্চ ৫৩টি আসন পেতে পারে। অন্যদিকে গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী দলগুলোর জোট আটকে আছে ৪৮টি আসনে।   

এই নির্বাচনে সবচেয়ে বড় চমক দেখিয়েছে ইসরায়েলের আরব নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলো, যারা রেকর্ড ১৯টি আসনে জয় পেতে যাচ্ছে। তবে ইসরায়েলি মূলধারার ইহুদি রাজনৈতিক দলগুলো আরব জোটের সহায়তায় সরকার গঠনের পক্ষপাতি না হওয়ায় আইজেনকটের প্রধান মন্ত্রী হওয়ার পথ একপ্রকার রুদ্ধ হয়ে পড়েছে।   

নির্বাচনী ফলাফলের ওপর ভিত্তি করে সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে নেতানিয়াহু একটি শক্তিশালী ‘জাতীয় ডানপন্থী সরকার’ গড়ার ডাক দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নেতানিয়াহুর ভূমিকার প্রশংসা করে তাকে জোরালো সমর্থন জানিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হলেও ইরানের ওপর নীতি নির্ধারণ বা সামরিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নেতানিয়াহুর ক্ষমতা বহাল থাকবে। তবে ইসরায়েলের ঝুলন্ত পার্লামেন্টের ধাক্কায় দেশীয় শেয়ারবাজারে বড় পতন ঘটেছে এবং মার্কিন ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রা শেকেলের মানও অনেকটাই কমে গেছে।  

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :