তরুণ প্রতিভা অন্বেষণের লক্ষ্য নিয়ে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ

আপলোড সময় : ২৬-১০-২০২৬ ০৬:৪৯:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১০-২০২৬ ০৬:৫০:১৬ অপরাহ্ন
​সোমবার বিকেলে এবিজি স্পোর্টস সিটির বসুন্ধরা কিংস অ্যারেনায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্ট। বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান।

​উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা শেখ মোহাম্মদ আসলাম ও কায়সার হামিদ। এ ছাড়া বসুন্ধরা গ্রুপের মিডিয়া অ্যাডভাইজার আব্দুল বারী, এবিজি স্পোর্টস সিটির উপদেষ্টা বিদ্যুৎ কুমার ভৌমিক ও মো. লিয়াকত হোসেন এবং এবিজি স্পোর্টস সিটির সিনিয়র জিএম লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সোয়েব শফিক (অব.) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

এ সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, প্রতিনিধি এবং বসুন্ধরা গ্রুপ ও এবিজি স্পোর্টস সিটির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

​উদ্বোধনী অনুষ্ঠান শেষে মাঠে গড়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও নর্থ সাউথ ইউনিভার্সিটির মধ্যকার জমজমাট ম্যাচ। দুই দলের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো স্টেডিয়াম চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

​এবিজির উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের মূল লক্ষ্য—বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফুটবল প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করা, শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক খেলাধুলায় উৎসাহিত করা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য সুদৃঢ় করা। 
আয়োজকদের প্রত্যাশা, এই প্রতিযোগিতা তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও উদ্বুদ্ধ করার পাশাপাশি দেশের ভবিষ্যৎ ফুটবল প্রতিভা অন্বেষণে কার্যকর ভূমিকা পালন করবে।

​উদ্বোধনী অনুষ্ঠানে এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান বলেন, “এই আয়োজনকে আমরা আরও বৃহৎ পরিসরে বিশ্বমঞ্চে তুলে ধরতে চাই। এবিজি স্পোর্টস সিটির মাঠের খেলোয়াড়েরা একদিন বিশ্বকাপ জিতবে—এমন সুযোগ ও পথ তৈরি করাই আমাদের মূল লক্ষ্য।”

​জাতীয় ফুটবল দলের সাবেক তারকা কায়সার হামিদ বলেন, “ইউনিভার্সিটি কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের জন্য আমি এবিজি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আমার বিশ্বাস, এই টুর্নামেন্টের মাধ্যমেই দেশের ফুটবলের জন্য সম্ভাবনাময় ও দক্ষ খেলোয়াড় বেরিয়ে আসবে, যারা দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে।”

​জাতীয় ফুটবল দলের আরেক সাবেক তারকা শেখ মোহাম্মদ আসলাম বলেন, “এবিজির এই উদ্যোগটি সত্যিই অসাধারণ। আমি মনে করি, এবিজি ইউনিভার্সিটি কাপ দেশের ফুটবল ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা হয়ে থাকবে।”

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :