পঞ্চগড়ে তাপমাত্রা আরো কমেছে, বাড়ছে শীতের অনুভূতি

আপলোড সময় : ২৬-১০-২০২৬ ০২:৫০:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১০-২০২৬ ০২:৫০:৫৯ অপরাহ্ন
গত কয়েকদিন ধরে তাপমাত্রা ১৭ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করলেও আজ সোমবার সকালে তা নেমে এসেছে ১৬ ডিগ্রির ঘরে। এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। 

সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।

গতকাল একই সময়ে দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৭ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৩১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। 

ভোর হলেই দেখা মেলে সূর্যের। দিনভর থাকে প্রখর রোদ।

তবে সন্ধ্যা হলেই বদলে যায় আবহাওয়া। বাড়তে শুরু করে শীতের অনুভূতি। রাতের সঙ্গে বাড়ে কুয়াশাও। ভোর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় বিরাজ করে ঠাণ্ডা ও কুয়াশাচ্ছন্ন পরিবেশ।


স্থানীয়রা জানান, সন্ধ্যার পর থেকেই ঠাণ্ডা অনুভূতি বাড়তে থাকে।

ভোরে কুয়াশার সঙ্গে হিমেল বাতাস শীতের আবহ আরো স্পষ্ট করে তুলছে। তবে দিনের বেলায় রোদ উঠলে শীতের অনুভূতি কমে যাচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করেছে। রাত ও ভোরে কুয়াশার প্রবণতাও বাড়ছে। তবে দিনের বেলায় তাপমাত্রা তুলনামূলক বেশি থাকায় দিনে গরম এবং রাতে ও ভোরে ঠাণ্ডা অনুভূত হচ্ছে। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরো কমে শীতের অনুভূতি বাড়তে পারে।

 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :