​মডেল ও উপস্থাপিকা তুলনা আল হারুন আর নেই

আপলোড সময় : ২৪-১০-২০২৬ ০৫:২৭:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১০-২০২৬ ০৫:২৭:১৬ অপরাহ্ন
দেশের শোবিজ অঙ্গনের পরিচিত মুখ, মডেল ও টেলিভিশন উপস্থাপিকা তুলনা আল হারুন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে দেশের সাংস্কৃতিক ও বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তুলনা। ব্রেন টিউমার থেকে তাঁর ক্যানসার হয়েছিল এবং কয়েক বছর আগে তাঁর সফল অস্ত্রোপচারও হয়েছিল। অস্ত্রোপচারের পর তিনি কিছুটা সুস্থ হয়ে উঠলেও সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানীর বিআরবি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১১টা ৫ মিনিটে তাঁর হার্ট অ্যাটাক হয়। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

পারিবারিক সূত্র জানায়, শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুরের মনসুরাবাদ পিসিকালচার হাউজিং এলাকায় তাঁর জানাজা শেষে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

তুলনা আল হারুন দীর্ঘকাল ধরে দেশের বিনোদন অঙ্গনে মডেলিং, অভিনয় এবং টেলিভিশন উপস্থাপনায় নিয়মিত কাজ করে পরিচিতি লাভ করেছিলেন। এ ছাড়া ফ্যাশন কোরিওগ্রাফার ও স্টাইলিস্ট হিসেবেও তাঁর সুখ্যাতি ছিল। হাসোজ্জ্বল উপস্থিতি ও ইতিবাচক মনোভাবের জন্য সহকর্মী ও অনুরাগীদের কাছে তিনি অত্যন্ত সমাদৃত ছিলেন। দীর্ঘ সময় শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করলেও তিনি কাজের প্রতি নিষ্ঠা বজায় রেখেছিলেন। তাঁর আকস্মিক প্রয়াণে পরিবার, সহকর্মী ও ভক্তদের মাঝে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :