প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি বিরোধীদের উস্কানিতেই: রাশেদ খাঁন

আপলোড সময় : ২২-১০-২০২৬ ০৪:৩৬:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১০-২০২৬ ০৪:৩৮:০৮ অপরাহ্ন
আওয়ামী লীগ ও জামায়াত মিলে ১৯৯৬ সালের মতো দেশে আবারও অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি দাবি করেছেন, প্রধানমন্ত্রীর রাজশাহী সফর চলাকালে স্নাইপার দিয়ে তাকে হত্যার হুমকি সংবলিত এক যুবকের ফেসবুক পোস্টের পেছনে বিরোধী দলের ইন্ধন ও উসকানি রয়েছে। বিরোধী পক্ষের প্ররোচনা পেয়েই ওই যুবক রাষ্ট্রপ্রধানকে এমন ভয়াবহ হুমকি দেওয়ার দুঃসাহস দেখিয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপরাইল আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

রাশেদ খাঁন বলেন, জামায়াত ও এরশাদের স্বৈরাচারী সরকারের মনোভাবের মধ্যে কোনো তফাৎ নেই। ’৮৬ ও ’৯৬ সালে আওয়ামী লীগের সঙ্গে জোট করেছিল জামায়াত। এখন আবার তারা এক সুরে কথা বলছে। জামায়াত ও আওয়ামী লীগ একসঙ্গে মিলে সরকারের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্রের জাল বুনছে।

জামায়াত আমিরের তীব্র সমালোচনা করে তিনি বলেন, 'জামায়াতের আমির প্রতিনিয়ত রাজনৈতিক মিথ্যাচার করে যাচ্ছেন। জামায়াতের নেতারা তাঁকে দরবেশ ভাবতে পারেন, কিন্তু অতীতে তিনি জাসদ ছাত্রলীগ করতেন, সন্ত্রাস চালিয়েছেন এবং অসত্য তথ্য ছড়িয়েছেন। জামায়াতে যোগ দেওয়ার পরও কি তিনি সেই চর্চা থেকে সরে এসেছেন?'

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, আওয়ামী লীগ ও জামায়াতের যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে মাঠে সতর্ক অবস্থানে রয়েছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, যুগ্ম সদস্য সচিব ইলিয়াস রহমান মিঠু এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মশিয়ার রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :