​‘পাপের লাশ চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন

আপলোড সময় : ১৯-১০-২০২৬ ০৩:৩৭:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১০-২০২৬ ০৩:৩৭:০৮ অপরাহ্ন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হওয়া নিয়ে ‘আবেগবশত’ মন্তব্য করার জন্য দুঃখ প্রকাশ করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কামরুজ্জামান রতন।

সোমবার (১৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি ‘পাপের লাশ বাংলাদেশে আনতে চাই না’—এমন মন্তব্যের জন্য ক্ষমা চান।

পোস্টে কামরুজ্জামান রতন লেখেন, সম্প্রতি একটি টকশোতে সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের শিরশ্ছেদের দুঃখজনক ঘটনা নিয়ে সংকীর্ণভাবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আলোচনা করতে গিয়ে তিনি আবেগের বশে বলেছিলেন, ‘আমি এই পাপের লাশ বাংলাদেশে আসুক, তা চাই না।’

নিজের ওই বক্তব্যের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, এমন মন্তব্য করা তাঁর একেবারেই ঠিক হয়নি। তাই তিনি বক্তব্যটি সম্পূর্ণভাবে প্রত্যাহার করছেন। এ মন্তব্যের মাধ্যমে নিহত ব্যক্তিদের পরিবার-পরিজন এবং প্রবাসী বাংলাদেশিদের মনে যে কষ্ট ও আঘাত দিয়েছেন, সে জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন।

প্রসঙ্গত, শনিবার (১৭ অক্টোবর) রাতে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে সৌদি আরবে দুই বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনা নিয়ে আলোচনা করার সময় ‘পাপের লাশ চাই না’ মন্তব্যটি করেছিলেন কামরুজ্জামান রতন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :