মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদে ভিড় এড়াতে নতুন প্রযুক্তি

আপলোড সময় : ১৯-১০-২০২৬ ১১:২৬:৩৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-১০-২০২৬ ১১:২৬:৩৬ পূর্বাহ্ন
সৌদি আরবের পবিত্র মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে ভিড়ের অবস্থা এখন সরাসরি জানতে পারবেন ওমরাহযাত্রীরা। এ জন্য নতুন ডিজিটাল সেবা চালু করেছে সৌদি আরব।

এই সেবার মাধ্যমে কাবা ঘরকে ঘিরে তাওয়াফের স্থান ও সাফা-মারওয়ার মধ্যবর্তী সাঈ করার পথে ভিড়ের মাত্রা জানা যাবে। পাশাপাশি ইন্টার‌্যাকটিভ মানচিত্রের সাহায্যে দুই পবিত্র মসজিদের গুরুত্বপূর্ণ স্থান, সুযোগ-সুবিধা ও চলাচলের পথও খুঁজে নিতে পারবেন মুসল্লিরা।

সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, নতুন এই ডিজিটাল সেবার মাধ্যমে মক্কার পবিত্র মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে যেকোনো সময়ের ভিড়ের অবস্থা সরাসরি জানা যাবে। ফলে ওমরাহযাত্রীরা কম ভিড়ের সময়ে নিজেদের ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনের পরিকল্পনা করতে পারবেন।

নতুন এই সেবায় সরাসরি ভিড়ের চিত্র, তাৎক্ষণিক হালনাগাদ তথ্য এবং ভিড়ের মাত্রা বোঝানোর বিভিন্ন নির্দেশকও থাকছে। পবিত্র কাবা ঘরকে ঘিরে তাওয়াফের স্থান এবং সাফা-মারওয়ার মধ্যবর্তী সাঈ করার পথের ভিড় সম্পর্কেও জানা যাবে। এতে মসজিদে যাওয়ার আগেই যাত্রীরা ভিড়ের পরিস্থিতি বুঝে নিতে পারবেন।

এছাড়া মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীকে নিয়ে তৈরি একটি ইন্টার‌্যাকটিভ মানচিত্রও চালু করা হয়েছে। এর সাহায্যে মুসল্লি ও দর্শনার্থীরা গুরুত্বপূর্ণ স্থানগুলো খুঁজে দেখতে পারবেন, বিভিন্ন সুযোগ-সুবিধার অবস্থান জানতে পারবেন এবং উপযুক্ত চলাচলের পথ বেছে নিতে পারবেন। এতে দুই মসজিদে চলাচল সহজ হবে এবং সামগ্রিক অভিজ্ঞতা আরও উন্নত হবে।

ডিজিটাল প্ল্যাটফর্মটিতে প্রায় ৯৫০টি গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনার তথ্য রয়েছে। এর মধ্যে মসজিদুল হারামের পবিত্র কাবা ঘর, মাকামে ইব্রাহিম, সাফা ও মারওয়া উল্লেখযোগ্য। অন্যদিকে মসজিদে নববীর মানচিত্রে আল রওদাহ আশ শরিফা, মহানবী (সা.)-এর হুজরা, নামাজের মিহরাব এবং মিম্বরের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলো তুলে ধরা হয়েছে।

এই প্ল্যাটফর্মে ১৭টির বেশি শ্রেণিতে এক লাখেরও বেশি সম্ভাব্য চলাচলের পথ দেখানো হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা ও সেবা খুঁজে নিতে পারবেন। এছাড়া ৬৫০টির বেশি কিউআর কোড রাখা হয়েছে। এগুলো স্ক্যান করে দর্শনার্থীরা বিভিন্ন স্থাপনা, সুযোগ-সুবিধা ও সেবা সম্পর্কে দ্রুত তথ্য জানতে পারবেন।

গালফ নিউজ বলছে, ইন্টার‌্যাকটিভ মানচিত্রটি মসজিদ দুটির ভেতরে স্থাপিত ছয়টির বেশি ডিজিটাল ডিসপ্লে পর্দার সঙ্গেও যুক্ত। ফলে দর্শনার্থীরা মসজিদে অবস্থান করেই সরাসরি পর্দায় বিভিন্ন স্থান ও চলাচলের পথ দেখতে পারবেন।

প্রতিবন্ধী ব্যক্তিদের সুবিধার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে। প্ল্যাটফর্মটিতে তাদের চলাচলের উপযোগী স্থান ও পথও চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি সবার জন্য সহজে প্রবেশ ও চলাচলের সুযোগ নিশ্চিত করতে বিশেষ কিছু ব্যবস্থাও রাখা হয়েছে।

ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে হজ ও ওমরাহযাত্রী এবং মুসল্লিদের চলাচল সহজ করা, ভিড় নিয়ন্ত্রণ আরও কার্যকর করা এবং ইসলামের দুই পবিত্রতম মসজিদে মানুষের চলাচল সহজ করার বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে এই সেবা চালু করেছে সৌদি আরব।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :